২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিএসসি’তে এ কে খন্দকারের বই পুড়িয়ে বিক্ষোভ

‘বিকৃত তথ্য’ উপস্থাপন করায় মুক্তিযুদ্ধের উপ-সেনাপতি এ কে খন্দকারের লেখা ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইটি পুড়িয়ে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সংগঠন ‘স্লোগান ৭১’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 08:28 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের এক পর্যায়ে বইটিতে আগুন দিয়ে ‘বিকৃত তথ্য’ উপস্থাপনের প্রতিবাদ জানায় সংগঠনটি।

সমাবেশে ‘স্লোগান ‘৭১’ সভাপতি মো. ফয়েজ উল্লাহ মানিক বলেন, “এই বইতে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ নিয়ে ভুল ও বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে বঙ্গবন্ধু তার ভাষণে ‘জয় পাকিস্তান’ বলেছেন। তার এই আজব তথ্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ক্ষুব্ধ করেছে।”

বইটিতে উল্লেখিত বিভিন্ন ‘বিকৃত বক্তব্য’ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক তাসনোভা চৌধুরী মিথিলা, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি জয়দেব নন্দী, যুগ্ম-সম্পাদক হাসানুজ্জামান তারেক প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটিসহ টিএসসি কেন্দ্রিক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এই কর্মসূচিতে সংহতি জানিয়েছেন।

প্রথমা প্রকাশনী গত বুধবার আওয়ামী লীগের সাবেক পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালনকারী এ কে খন্দকারের ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইটির প্রকাশনা উৎসব করে।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে বইটি নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্যরা তীব্র সমালোচনা করেন। তথ্য বিকৃতির অভিযোগ এনে কেউ কেউ এটি নিষিদ্ধ করার কথাও বলেন।

শনিবার বইটিকে ‘বিভ্রান্তিকর’ বলে  মন্তব্য করেছে সেক্টর কমান্ডার্স ফোরামও, যেটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ কে খন্দকার নিজেই।