কীর্তনখোলায় ভাঙন, নদীতে পড়ে নিখোঁজ ৩
বরিশালের কীর্তনখোলার ভাঙনে বসতবাড়ি বিলীন হওয়ার সঙ্গে নদীতে পড়ে তিনজন নিখোঁজ হয়েছেন।
শনিবার গভীর রাতে সদর উপজেলার চরবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন- স্থানীয় মকবুল সিকদারের ছেলে গোলাম মোস্তফা সিকদার (৬০), জালাল সরদারের ছেলে গিয়াস উদ্দিন সেলিম সরদার (৪০) ও বাচ্চু হাওলাদারের ছেলে হোসেন হাওলাদার (৪০)।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাঙনে ক্ষতিগ্রস্তদের উদ্ধার, ঘর ও মালামাল রক্ষা করতে গিয়ে এই তিনজন নিখোঁজ হয়েছেন। তাদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদীতে তল্লাশি চালিয়েছে।
ফায়ার সার্ভিসের বরিশাল স্টেশন অফিসার মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায় ডুবুরীরা। তবে নদীতে প্রচণ্ড স্রোত থাকায় কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।
“তাদের মধ্যে আটজন তীরে উঠতে সক্ষম হলেও ওই তিনজন নিখোঁজ রয়েছে।”
ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক মো. শহীদুল আলম সাংবাদিকদের বলেন, “ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে।”
এছাড়া নতুন করে ঘর তোলার জন্য প্রত্যেক পরিবারকে টিন ও তিন হাজার টাকা করে দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
