মেঘনায় নৌকা ডুবে জেলে নিহত
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মেঘনা নদীতে নৌকা ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই জন।
কমলনগর থানার ওসি হুমায়ুন কবির জানান, শনিবার ভোর রাতের দিকে মেঘনা নদীর কালকিনি এলাকায় মাল বোঝাই একটি কার্গো জাহাজের ধাক্কায় জেলে নৌকাটি ডুবে যায়।
আহত দুই জেলে হলেন- চরকালকিনি এলাকার সাহাব উদ্দিনের ছেলে কামাল (৩০) ও সেরাজুল হকের ছেলে মনির হোসেন (৩২)।
তাদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গভীর মেঘনা থেকে জেলে নৌকাটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ওসি হুমায়ুন।
চরকালকিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফউল্লাহ জানান, গভীর রাতে জেলেরা নদীতে মাছ ধরছিলো। এ সময় একটি মালবাহী কার্গো জাহাজ জেলেদের ওই নৌকায় ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে গিয়ে ঘটনাস্থলেই মারা যান জেলে আবদুল মালেক।
ওসি হুমায়ুন কবির আরো জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তবে ধাক্কা দেওয়া জাহাজটি দ্রুত পালিয়ে যাওয়ায় তা আটক করা যায়নি।
