সাভারে ব্যবসায়ীর বাড়িতে ‘ডাকাতি’
সাভার পৌর এলাকায় এক ব্যবসায়ীর বাসা থেকে ২০ লাখ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।
গৃহকর্তা আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর রাত সাড়ে ৩টার দিকে ১০-১২ জনের একদল মুখোশধারী তার দোতলা বাড়ির বাড়ান্দার গ্রিল কেটে ঢোকে।
“তারা বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। স্টিলের আলমারি ও সুটকেসের চাবি ছিনিয়ে নেয়। পরে তারা প্রায় ঘণ্টাব্যাপী তাণ্ডব চালিয়ে আলমারি থেকে ৩২ ভরি স্বর্ণের গহনা, নগদ ১ লাখ টাকা ও ৩টি মোবাইলফোনসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।”
ডাকাতরা চলে যাওয়ার সময় বেশ কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে বলেও তিনি জানান।
লুট হওয়া মালামালের মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে দাবি করেছেন আলম চৌধুরী।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করলেও তিনি জানিয়েছেন, দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি।
