২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমায় উড়ে গেল দুই হাত, আটক ৩

যশোরের বেনাপোলে বোমা তৈরির সময় বিস্ফোরণে চার জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে এক জনের দুই হাত উড়ে গেছে। আহতদের তিন জনকে হাসপাতাল থেকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 09:32 AM

Updated : 22 Aug 2022, 07:03 PM

বেনাপোল থানার পরিদর্শক(তদন্ত) রফিকুল ইসলাম জানান, শুক্রবার বিকালে বেনাপোলের বারোপোতা গ্রামের একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে চার জন আহত হয়। খবর পেয়ে ওইদিন রাতেই বাগআঁচড়ার একটি ক্লিনিক থেকে তিন জনকে আটক করে পুলিশ।

আটকরা হলেন- শার্শার গোগা গ্রামের মকবুল ধোপার ছেলে কাশেম আলী (৪৫), রহমতপুর গ্রামের কুদ্দুস শরিফের ছেলে লুৎফর রহমান (৩০) ও দক্ষিণ বারোপোতা গ্রামের গনি মোড়লের ছেলে ইব্রাহিম (২৮)।

এদের মধ্যে কাশেমকে আশঙ্কাজনক অবস্থায় যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তার দুই হাত উড়ে গেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা রফিকুল।

তিনি বলেন, "আশরাফ উদ্দিন (৩৫) নামে আহত আরেক জন গোপনে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে। তিনি বারোপোতা গ্রামের আফসার উদ্দিনের ছেলে। তার বাড়িতেই বোমা বানানোর কাজ চলছিল।"

গ্রামবাসীকে উদ্ধৃত করে পরিদর্শক রফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বিকালে বারোপোতা গ্রামে আশরাফের বাড়িতে ওই চার জন বোমা বানাচ্ছিলেন। এ সময় একটি বোমার বিস্ফোরিত হলে কাশেমের দুটি হাত উড়ে যায় এবং আশরাফের দেহ ঝলসে যায়। বাকি দুইজনও আহত হয়।

গুরুতর জখম অবস্থায় স্বজনরা তাদের উদ্ধার করে গোপনে চিকিৎসা দিতে উপজেলার বাগআঁচড়ার একটি ক্লিনিকে ভর্তি করে। পরে খবর পেয়ে পুলিশ ক্লিনিক থেকে আহত তিন জনকে আটক করে। 

পরে আশঙ্কাজনক অবস্থায় কাশেমকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় একটি মামলা হয়েছে।