২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদিবাসী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

আদিবাসী নারীনেত্রী বিচিত্রা তিরকির নির্যাতনকারীদের শাস্তি ও ঢুডু সরেনের হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে তিনটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 11:01 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

শুক্রবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ঐক্য ন্যাপ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও বাংলাদেশ আদিবাসী ফোরাম এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে ঐক্য ন্যাপের সভাপতি প্রবীণ রাজনীতিবীদ পংকজ ভট্টাচার্য বলেন, “একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে ধর্ষণের ঘটনাই প্রমাণ করে নিপীড়ক হিসেবে রাষ্ট্রের ভূমিকা কোন পর্যায়ে এসে ঠেকেছে। কেবল ঢুডু সরেন কিংবা বিচিত্র তিরকিই নন, ভূমি দখলকে কেন্দ্র করে কথায় কথায় আজ আদিবাসীদের খুন করা হচ্ছে।”

তিনি বিচিত্রা তিরকিকে নির্যাতনের ঘটনায় জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব উত্থাপনের দাবি জানান।

লেখক সাংবাদিক আবু সাঈদ খান বলেন, “কখনো ধর্মের দোহাই দিয়ে, কখনো জাতীয়তার দোহাই দিয়ে প্রতিনিয়ত ধর্মীয় সংখ্যালঘু এবং আদিবাসীদের ওপর নিপীড়ন অব্যাহত রয়েছে।

“তাই দেশপ্রেমিক এবং সত্যিকার গণতন্ত্রকামী জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়েই আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে।”

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বিশেষ আইনে সংখ্যালঘু এবং আদিবাসীদের নির্যাতনের ঘটনাগুলোর বিচারের দাবি করেন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি নূর মোহাম্মদ তালুকদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজীব মীর ও মানবাধিকারকর্মী রাখী ম্রং।

মানববন্ধনে সংহতি জানায় সম্মিলিত সামাজিক আন্দোলন, জন উদ্যোগ, ওঁরাও ছাত্র সংগঠন, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, বাংলাদেশ মহিলা পরিষদ,বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ ও জন উদ্যোগসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।