রূপপুর বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন শিগগিরই: ভূমি মন্ত্রী
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অতি দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু।
পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে রুশ অর্থায়নের চুক্তি ‘চূড়ান্ত’
ভূমি মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবদ্দশায় প্রাজ্ঞ রাজনৈতিক চিন্তা চেতনা দিয়ে আণবিক শক্তিকে কাজে লাগিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে বাংলাদেশকে সারা বিশ্বে একটি মডেল হিসেবে উপস্থাপনের স্বপ্ন দেখেছিলেন।
তিনি বলেন, ভারত, পাকিস্তান, কোরিয়া ও রাশিয়া আণবিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনে সফলতা দেখিয়েছে।
জননেত্রী শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ ও চিন্তা চেতনাকে বাস্তব রূপ দিতেই দ্রুত রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব আবুল কালাম আজাদ, বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব মনোয়ার ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব খোন্দকার মো. আসাদুজ্জামান, রাশিয়ার বাংলাদেশস্থ রাষ্ট্রদূত আলেকজান্ডার লিকুলাইভ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জামাল উদ্দিন, পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দীন আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. রাইসুল আলম, বিদ্যুৎ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব প্রমুখ।
সভায় প্রকল্পের এ যাবতকালের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং বর্তমান আরও কী কী প্রয়োজন তার বিস্তারিত আলোচনা হয়।
বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, মোবাইল ফোনের ব্যবহার বাংলাদেশে রেভ্যুলিউশন ঘটে গেছে।
পাবনার রূপপুর আজ বিশ্ব দরবারে পরিচিত নাম বলেও উল্লেখ করেন তিনি।
পাবনার ঈশ্বরদীর উন্নয়ন তথা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ভূমি মন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টাকে তিনি সাধুবাদ জানান।
পরে রূপপুর পারমাণবিক প্রকল্পের পরিচালক শওকত অকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চুক্তি অনুয়ায়ী প্রথম পর্যায়ের কাজ চলতি বছরের মধ্যে শেষ হবে। ২০১৫ সালের অক্টোবরের মধ্যে প্রকল্পের নকশার কাজ শেষ হবে।
প্রকল্প এলাকায় নিরাপত্তাজনিত কারণে দ্রুত এখানে পুলিশ ফাঁড়ি স্থাপন ও কেপিআই জোন ঘোষণা করার জন্যে সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা গ্রহণের তাগিদ দেয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত জায়গার জন্য ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
তিনি আরো জানান, শুধু কনস্ট্রাকশন কাজের জন্যই প্রায় ২০ মেগাওয়াট বিদ্যুতের পয়োজন হবে এখানে। সে বিষয়ে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে।
