তাবানী বেভারেজের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি
তাবানী বেভারেজের ১৯৪ কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে ঢাকা কোকা কোলা শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সাধারণ সম্পাদক এম এইচ আলম।
এসময় সংগঠনের সভাপতি আব্দুল আজাদ বাবুলসহ অন্যান্য নেতা এবং ওই অবসরে পাঠানো ১৯৪ জনই উপস্থিত ছিলেন।
তাবানী বেভারেজের মূল প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি গত ৫ অগাস্ট এক সভায় ১৯৪ জন কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিককে ‘গোল্ডেন হ্যান্ডশেক’র মাধ্যমে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেয়।
সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদন পেলে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের এই প্রতিষ্ঠানটি কোমল পানীয় কোকাকোলা উৎপাদন করত, ২০০৮ সালের ৩০ জুন এটি বন্ধ হয়ে যায়।
কোকাকোলার মূল প্রতিষ্ঠান ‘দ্য কোকাকোলা কোম্পানি, আটলান্টা, আমেরিকা’ তাবানী বেভারেজকে কাঁচামাল সরবরাহ বন্ধ করে দেওয়ায় প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায় বলে কর্মকর্তা, কর্মচারীদের দাবি।
তবে সেজন্য ক্ষতিপূরণ বাবদ তাবানী বেভারেজ ‘দ্য কোকাকোলা কোম্পানি, আটলান্টা, আমেরিকা’ থেকে ১৬০ কোটি মার্কিন ডলার পেয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার পর তাবানী বেভারেজের এসব কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক ট্রাস্টের প্রধান কার্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠান যেমন মিমি চকলেট, পূর্ণিমা পেট্রোল পাম্প, রাজধানী সুপার মার্কেট, গুলিস্তান ভবন, মডেল সুপার মার্কেট, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের শূন্য পদে কাজ করছেন।
ঢাকা কোকা কোলা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এইচ আলম লিখিত বক্তব্যে বলেন, “বর্তমানে ট্রাস্টের কোনো দায়-দেনা নেই। তাবানী বেভারেজ বন্ধ হওয়ায় যে ক্ষতিপূরণ পাওয়া গেছে তা থেকে প্রতিমাসে সোয়া কোটি টাকা আয় হচ্ছে। এছাড়া ট্রাস্টের নিজস্ব তহবিল থেকেও আয় হচ্ছে।”
“এ অবস্থায় ট্রাস্টের অন্যান্য চালু প্রতিষ্ঠানে শূন্য পদে কর্মরত অভিজ্ঞ, দক্ষ কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত অমানবিক। এ সিদ্ধান্ত সরকারের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্রও।”
এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণাও দেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই ১৯৪ জনের মধ্যে ২৩ জন নিয়োগ পেয়েছিলেন ২০১০ সালে।
‘২০০৮ সালে প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পরে ২০১০ সালে কিভাবে তারা নিয়োগ পেলেন’ সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে এম এইচ আলম বলেন, “এটি নিয়োগ কর্তৃপক্ষের বিষয়। আমরা বলতে পারব না।”
