২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে পরিবহন ধর্মঘটে জনদুর্ভোগ চরমে

ঠাকুরগাঁওয়ে মোটর পরিবহন মালিক শ্রমিকদের ডাকা ধর্মঘটের দ্বাদশ দিনে জনদুর্ভোগ চরমে ওঠেছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

আলী আহসান হাবিব,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 08:52 PM

Updated : 22 Aug 2022, 07:01 PM

স্থানীয় প্রশাসনের সঙ্গে মোটর মালিকদের একাধিক বৈঠকেও কোনো সমাধান না হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন দুর্ভোগের শিকার সাধারণ মানুষ।

বাস ও মিনিবাসের মালিকদের অভিযোগ, ঠাকুরগাঁও সদরসহ অপর চারটি উপজেলায় পাগলু নামের যানবাহন চলাচলের কারণে পরিবহন ব্যবসায় তারা লোকসান দিচ্ছেন এবং এর সঙ্গে জড়িত প্রায় চার হাজার শ্রমিক-কর্মচারী বেকার হয়ে পড়ছেন। তাই এ পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।

মোটর শ্রমিক পরিবহন নেতা আ. জব্বার ও এন্তাজ আলীসহ কয়েকজন বলেন, তারা পাগলু বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলেও কোনো ফল হয়নি। তাই অস্তিত্ব রক্ষার জন্য তারা ধর্মঘটে যান।

এদিকে, ধর্মঘটের কারণে ঠাকুরগাঁওয়ের সঙ্গে আশপাশের জেলাসহ সারাদেশের যোগাযোগ বন্ধ রয়েছে। রাজধানীসহ অন্য জেলা থেকে আসা বাস, নৈশ কোচগুলো জেলার শেষ সীমানা ঠাকুরগাঁ সদরের ২৮ মাইল এলাকায় যাত্রীদের নামিয়ে দিতে বাধ্য হচ্ছে।

ঠাকুরগাঁও শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের ওই স্থানে রিকশা, অটোরিকশা বা ব্যাটারিচালিত রিকশায় করে আসতে চেষ্টা করলে পথে পথে পরিবহন শ্রমিকদের হামলার মুখে পড়ছেন বলে অভিযোগ করেছেন অনেকেই।

শ্রমিকরা যাত্রীদের লাঞ্ছিত করছে, এমনকি সঙ্গে থাকা ব্যাগ বা অন্যান্য সামগ্রী শ্রমিকরা ছুড়ে ফেলে দিচ্ছে বলেও অভিযোগ করেছেন যাত্রীরা।

বুধবার সকালে ২৮ মাইল এলাকায় নৈশ কোচ থেকে নেমে প্রায় ২০ কিলোমিটার পথ হেঁটে শহরে আসেন আ. সোবহান, মফিজুল ইসলাম, আসাদুজ্জামানসহ কয়েকজন দূরপাল্লার যাত্রী।

তারা অভিযোগ করেন, ঠাকুরগাঁওয়ের বাস ও মিনিবাসগুলো ৩০/৩৫ বছরের পুরনো। এসব লক্করঝক্কর মার্কা বাসে দুর্ঘটনার ভয়ে মানুষ উঠতে চায় না।

সরকার ২০ বছরের বেশি বয়সী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু ঠাকুরগাঁওয়ের বাসগুলো ৩০/৩৫ বছরের পুরনো হলেও কেউ নতুন করে কোনো বাস বা মিনিবাস কিনতে বা রাস্তায় চালাতে পারবে না বলে নিজেদের গঠনতন্ত্রে উল্লেখ করেছে ঠাকুরগাঁও মোটর মালিক সমিতি।

যাত্রীদের অভিযোগ, বছরের পর বছর মানুষ বাস শ্রমিক ও মালিকদের কাছে জিম্মি থেকে গাদাগাদি করে আবার কখনো ছাদে উঠে বাসে চলাচল করেছে। প্রায় মসয়ই দুর্ঘটনা ঘটেছে।

বাস মিনিবাসের এ দুরবস্থার কারণেই সম্প্রতি রাস্তায় আসা ৯ আসনের (চালকসহ) পাগলু নামের যানবাহনে মানুষ স্বস্তিতে রাস্তায় চলাচল করছে বলে দাবি করেন তারা।

নিজেদের সংগঠনের গঠনতন্ত্রে নতুন কোনো যানবাহন কিনতে নিষেধাজ্ঞা থাকার কথা স্বীকার করেছেন জেলা মোটর মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু।

তিনি বলেন, "নিজেদের ব্যবসায়িক স্বার্থেই আমরা এ নিয়ম মেনে আসছি।"

এদিকে জেলায় চলাচল করা প্রায় সব বাস ও মিনিবাস সরকারের ঘোষণা অনুযায়ী রাস্তায় চলাচলের অযোগ্য বলে স্বীকার করেন ঠাকুরগাঁও শহরের ট্রাফিক পুলিশ কর্মকর্তা ফারুক আহম্মদ।

কিন্তু মোটর মালিক ও শ্রমিকদের আন্দোলন ও চাপের মুখে তারা অসহায় বলেও মন্তব্য করেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন রাজনীতিবিদ জানান, মাস খানেক আগে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় চাঁদাবাজির কারণে ১২ জন শ্রমিককে থানায় ধরে আনে পুলিশ। তখন মোটর মালিক ও শ্রমিকরা ওই শ্রমিকদের ছাড়িয়ে নিতে নিতে শহরের জজ কোর্ট, পুলিশ সুপারের বাসা ও কার্যালয়, জেলা প্রশাসকের বাসা ও কার্যালয়, পৌরসভা, জেলা জজের বাসভবন ও কার্যালয়সহ জেলার সকল প্রবেশ দ্বারে বাস, মিনিবাস দিয়ে অবরোধ করে।

পরে রাতে ওই ১২ শ্রমিককে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয়।

এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, "তাদের আন্দোলনের মুখে আমরা শ্রমিকদের ছেড়ে দিয়েছি। এখন অবরোধ তুলে নিতে ঊর্ধ্বতন কর্মকর্তারা চেষ্টা চালাচ্ছেন।”

জেলা প্রশাসক মুকেশ কুমার বিশ্বাস এ বলেন, "আমরা চেষ্টা করছি বাস মালিক ও শ্রমিক এবং পাগলু মালিক ও শ্রমিকদের মধ্যে সমঝোতা করার জন্য। আশা করি শিগগিরই চলমান সংকট দূর হবে।"