২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে সংঘর্ষে গৃহবধূ নিহত

পটুয়াখালীর দুমকিতে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক গৃহবধূ নিহত ও  অন্তত সাত জন আহত হয়েছেন।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 05:26 PM

Updated : 22 Aug 2022, 07:01 PM

বুধবার বেলা ১২টার দিকে উপজেলার কার্তিকপাশা গ্রামে এ সংঘর্ষে নিহত হাসিনা বেগম (৩৫) ওই গ্রামের সিদ্দিক সিকদারের স্ত্রী।

আহতদের মধ্যে হেনা পারভিন (২৩) ও আব্দুর রহিম মিয়াকে (৪০) গুরুতর অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে এবং সিদ্দিক সিকদার (৫৫), তপু (২৩), মরিয়ম বেগম (২৯), হোসেন আহমেদ (৩১) ও নাদিয়াকে (৮) পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুমকি থানার ওসি মো. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কার্তিকপাশা গ্রামের মো. সিদ্দিক সিকদারের সঙ্গে প্রতিবেশী সোবাহান সিকদার ও সলেমানের পক্ষের লোকজনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল।

বিরোধপূর্ণ ওই জমিতে চাষাবাদ করা নিয়ে দুপুরে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণ পর উভয় পক্ষের লোকজন লাঠিসোটাসহ নানা দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর এক পর্যায়ে হাসিনা বেগম নিহত হন।

ঘটনার পর ফিরোজ সিকদার ও আনোয়ার খাঁ নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ওসি।

পটুয়াখালী পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জায়গা জমি নিয়ে বিরোধের জেরেই ওই সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে।