২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন খুন: আরেক আসামি গ্রেপ্তার

মগবাজারের গুলি করে ৩ জনকে হত্যার ঘটনার আরো এক আসামিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 03:13 PM

Updated : 16 Sep 2026, 04:33 PM

মহানগর পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান জানান, মঙ্গলবার রাতে ডেমরা এলাকা থেকে আরিফ হাওলাদার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করা হলো।

গত ২৮ অগাস্ট রাতে মগবাজারের নয়াটোলা এলাকার সোনালীবাগের একটি বাড়িতে ঢুকে তিনজনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

সন্ত্রাসীদের ছোড়া গুলিতে নিহত হন বৃষ্টি আক্তার ওরফে রানু (৩০), তার বাড়ির ভাড়াটে মুন্না (২২) ও বিল্লাল হোসেন (২০)। গুলিবিদ্ধ হন রানুর ভাই হৃদয় (১৮)।

নিহত বৃষ্টির ছোট ভাই শামিম ওরফে কালা চাঁন মগবাজার রেলওয়ে ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। হত্যাকাণ্ডের পরদিন তিনি স্থানীয় সন্ত্রাসী কালা বাবুসহ ১৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলা হওয়ার পর ৩০ অগাস্ট গভীর রাতে মগবাজার এলাকা থেকে ফারুখ ও সোহেল নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নেয় পুলিশ। এরপর ৩১ অগাস্ট গ্রেপ্তার করা হয় এজাহারভুক্ত আরেক আসামি জনিকে।

মামলার বাকি আসামিরা হলেন- কালা বাবু, ফয়সাল আহমেদ রনি, শাহাদাত, রাজু, তপু, আরিফ, মারুফ, বিল্লাল, ঠাণ্ডু, সিরাজ ও পিচ্চি রনি।

রেলের জমির দখল নিয়ে কালা চাঁনের সঙ্গে কালা বাবুর বিরোধে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।