মানবাধিকার সংগঠনগুলোকে হাছানের একহাত
গাজায় ইসরায়েলি হামলা নিয়ে চুপ থাকায় মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনা করেছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তে বুধবার এক আলোচনা সভায় তিনি বলেন, গাজায় হামলা নিয়ে বিশ্ব বিবেক সোচ্চার না হলেও আমরা (আওয়ামী লীগ) সোচ্চার হয়েছি।
“মানবাধিককার সংগঠনগুলো পৃথিবীর কয়েকটি দেশের পা চাটা কুকুরের মতো কাজ করে। মানবাধিকারের নামে তারা রাজনীতি করে। এদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।”
হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের মানবাধিকার নিয়ে সম্প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিলেও গাজা নিয়ে তারা কোনো কথা বলছে না।
গাজায় হামলা নিয়ে বিশ্ব বিবেকদের সমালোচনা করে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের মন্ত্রিসভায়ও এই হামলার ঘটনায় নিন্দা প্রস্তাব নেয়া হয়।
গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে মঙ্গলবার সর্বসম্মতভাবে প্রস্তাব গ্রহণ করেছে বাংলাদেশের সংসদ।
গুম প্রতিরোধ দিবসে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তুলে হাছান মাহমুদ বলেন, পেট্টোল বোমার আঘাতে আহতদের কাউকে ওই অনুষ্ঠানে দেখা যায়নি।
‘চিকিৎসার জন্য’ লন্ডনে অবস্থানরত বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার জিয়ার সাম্প্রতিক বিতর্কিত বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, পরিবার থেকে শালীনতার শিক্ষা না পাওয়ার তারেক রহমান বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে কটাক্ষ করে বক্তব্য দিচ্ছেন।
তিনি বলেন, বিএনপির মধ্যে অনেক নেতা আছেন শালীনভাবে কথা বলেন। তাদের প্রতি অনুরোধ- তারেককে ভদ্রতা শিক্ষা দেন নইলে লন্ডনের কোনো সংশোধনী কেন্দ্রে পাঠান।
বিএনপিকে নিয়মতান্ত্রিক রাজনীতি করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান বলেন, আপনারা বারবার নিজেদের দেউলিয়াত্বপনা প্রকাশ করে নিজেদের হাসির পাত্রে পরিণত করেছেন।
যুদ্ধাপরাধী ও জঙ্গিদের সঙ্গ ত্যাগেরও আহ্বান জানান তিনি।
চলমান রাজনীতি নিয়ে বঙ্গবন্ধু একাডেমির আলোচনা সভায় স্বতন্ত্র সাংসদদের জোটের নেতা হাজী মো. সেলিম বলেন, তারেক রহমানের মাথা খারাপ হয়ে গেছে তাই তিনি আবোল-তাবোল বলে মিডিয়ায় আসতে চাইছেন।
“একজন আসামি হয়ে তিনি বিদেশে বসে আবোল-তাবোল বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তসলিমা নাসরিনও তো দেশের বাইরে বসে ছেলেদের বিরুদ্ধে অনেক কথা বলছেন, তাতে কি হয়েছে?”
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু দাবি করেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে দুই/এক জন পথভ্রষ্ট মুক্তিযোদ্ধা রয়েছে।
আর এই জোটের নেত্রী খালেদা জিয়া আন্দোলনের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদকে উসকে দিচ্ছেন বলেও মন্তব্য করেন টুকু।
আলোচনা সভায় অন্যদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দল ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক হারুণ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
