কারখানা কর্মচারীর মৃত্যুর গুজবে অবরোধ ভাংচুর
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাসচাপায় একটি সিরামিক কারখানার সুপারভাইজারের মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ ও গাড়ি ভাংচুর করেছে শ্রমিকরা।
আহত মামুন মিয়া (৩৫) ওই কারখানার স্যানিটারি সুপারভাইজার।
বাসচাপায় মামুন নিহত হয়েছে গুজবে সহকর্মীরা সড়কে অবস্থান নিয়ে এনা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ ও কয়েকটি বাস ভাংচুর করে। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ও গাজীপুর শিল্প পুলিশ এসে বেলা ১১ টায় উত্তেজিত শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
বাসচাপায় মামুন নিহত হয়েছেন বলে এর আগে জানিয়েছিলেন মাওনা হাইওয়ে থানার ওসি মো. সানোয়ার হোসেন।
পরে তিনি বলেন, “বাসচাপায় গুরুতর আহত মামুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে এমন খবর পেয়েছিলাম।”
তবে কারখানার নির্বাহী (এক্সিকিউটিভ) কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিডিনিউজকে জানান, গুরুতর আহত মামুনকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু তার অবস্থা আরো অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
