২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুন ৪ শতাধিক, ১১ মাসে শেষ আমৃত্যু সাজা

কারাবাসের বছর না ঘুরতেই মারা গেলেন মুক্তিযুদ্ধের সময় চার শতাধিক মানুষের প্রাণ সংহারী গণহত্যার নায়ক আব্দুল আলীম।

সুলাইমান নিলয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2014, 07:18 PM

Updated : 22 Aug 2022, 06:59 PM

মৃত্যুর মাধ্যমে আপিল বিভাগে তার মামলাটি অকার্যকর হয়ে গেল বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

শনিবার আলিমের মৃত্যুর পর তার আপিলের ভবিষ্যৎ জানতে চাইলে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যার দণ্ড নিয়ে আপিল, সেই না থাকলে মামলা চলবে কী করে?

“এর মাধ্যমে আপিল বিভাগে থাকা এ সংক্রান্ত মামলাটি অকার্যকর হয়ে গেল। মৃত্যুর পর শাস্তিও আর থাকে না।”

হত্যা ও গণহত্যার চার অভিযোগ প্রমাণিত হওয়ার পর গত বছরের ৯ অক্টোবর রাজাকার নেতা আলীমকে আমৃত্য কারাবাসের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

‘জঘন্য অপরাধ’ হলেও শারীরিক ও মানসিকভাবে অক্ষম হওয়ার কারণে আলীমকে ফাঁসির আদেশ দেয়া হল না উল্লেখ করে সেই রায়ে বলা হয়, তার অপরাধ এতটাই ঘৃণ্য, তাকে মুক্ত রাখলে মানবতার অবমাননা হবে।

“এ কারণে তাকে কারাগারের চার দেয়ালের মধ্যে বাকি জীবন কাটাতে হবে। তাহলে হয়তো কৃতকর্মের জন্য তার ভেতরে অনুশোচনার সৃষ্টি হবে।”

রায় দেয়ার সময় ৮৩ বছর বয়স ছিল এই যুদ্ধাপরাধীর। তার ১১ মাসের মধ্যে কারাবন্দি অবস্থায় হাসপাতালের প্রিজন সেলে মৃত্যু হয় তার।

১৯৭১ সালে বাংলাদেশের মানুষের স্বাধীনতার সংগ্রাম যখন চূড়ান্ত পর্যায়ে, আলীম তখন কনভেনশন মুসলিম লীগের একজন প্রভাবশালী নেতা এবং বগুড়া জেলা কাউন্সিলের ভাইস চেয়ারম্যানের দায়িত্বে।

সে সময় তিনি বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেন এবং পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার জন্য মহুকুমা শান্তি কমিটির চেয়ারম্যান হিসাবে রাজাকার বাহিনী গড়ে তুলতে ভূমিকা রাখেন।

দেশ স্বাধীন হওয়ার পর দালাল আইনে একটি মামলাও দায়ের করা হয়েছিল আলীমের বিরুদ্ধে।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর এবং ১৯৭৭ সালে দুই দফা জয়পুরহাট পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন আলীম। ১৯৭৯, ১৯৯৬ ও ২০০১ সালে তিনি বিএনপির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন।

জিয়াউর রহমানের সরকারে প্রথমে বস্ত্রমন্ত্রী এবং পরে রেলমন্ত্রী ছিলেন আলীম।

আলিমের চার অপরাধ

ট্রাইব্যুনালের রায়ে চারটি অপরাধে আলীমকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। তার বিরুদ্ধে আনা ১৭টি অভিযোগের নয়টি প্রমাণিত হয়।

অভিযোগ ২: ১৯৭১ সালের ২৬ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৫টার মধ্যে পাকিস্তানি সেনাবাহিনীর মেজর আফজাল ও শান্তি কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে জয়পুরহাট থানার অধীনে হিন্দু অধ্যুষিত কড়ই কাঁদিপুর, চকপাড়া, সোনাপাড়া, পালপাড়া, মুন্সীপাড়ায় আক্রমণ চালান আলীম। এরপর সেখানে লুটপাট ও অগ্নিসংযোগের পর অনেককে আটক করে তারা।

পরে কাদিপুর আখের চুল্লির কাছে ৭০ জন, কাদিপুর ডোমপুকুরে ৯০ জন, চকপাড়ার কুড়ালপুরে ২৬ জন ও চকপাড়া কুড়ালপুরের কাছে রাস্তার উত্তর পাশে ৫ জনসহ মোট ৩৭০ জনকে গুলি করে হত্যা করা হয়। ৯০ বছর বয়সী কাঞ্চিরা মোহনকে জবাই করে হত্যা করে রাজাকার সদস্যরা। অশ্বিনী কুমার দেবনাথকে জীবন্ত কবর দেয়া হয়।

অভিযোগ ৮: একাত্তরের মে মাসের প্রথম দিকে পাকিস্তানি মেজর আফজালকে সঙ্গে নিয়ে ক্ষেতলাল থানার ‘উত্তরহাট’ এলাকায় একটি সমাবেশে যান আলীম। সেখানে তিনি বলেন, “হিন্দুদের ক্ষমা করা যাবে না। এদের যা পাও লুট করে নাও”।  এরপর মে মাসের শেষদিকে হিন্দুপল্লী, উত্তরহাট শহর, হারুনজাহাট এলাকায় হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়। ওই এলাকা থেকে ১০ জন হিন্দুকে ধরে শওনলাল বাজলার গদিঘরে শান্তি কমিটির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে আলীমের নির্দেশে তাদের খঞ্জনপুর কুঠিবাড়ি ঘাটে নিয়ে হত্যা করা হয়।

অভিযোগ ১০: একাত্তরের জুন মাসের শেষ দিকে আব্দুল আলীম জয়পুরহাট সদর রোডের শওনলাল বাজলার গদিঘরে শান্তি কমিটির অফিসে বসে ‘মুক্তিযোদ্ধা’ সন্দেহে পাহাড়পুর থেকে ধরে আনা ২৬ যুবককে হত্যার সিদ্ধান্ত নেন। এরপর দুটি ট্রাকে করে ওই যুবকদের জয়পুরহাট রেলস্টেশনের পশ্চিমে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে ছবি তোলা হয়। ছবিসহ নেগেটিভগুলো আলীম নিয়ে গেলেও স্থানীয় ‘আলোখেলা’ স্টুডিওর মালিক এইচ এম মোতাছিম বিল্লাহ কয়েকটি ছবি নিজের কাছে রেখে দেন। ছবি তোলার পর ওই ২৬ যুবককে  ট্রাকে তুলে জয়পুরহাট সরকারি কলেজে নিয়ে গুলি করে হত্যা করা হয়।

অভিযোগ ১৪: ১৯৭১ সালের ৭ অক্টোবর মুক্তিযোদ্ধা ফজলুল করিমসহ তিনজনকে আটক করে জয়পুরহাট সিও অফিসে নিয়ে যায় রাজাকার সদস্যরা। পরে আলীমের নির্দেশে তার উপস্থিতিতেই ওই তিনজনকে মুখে চুনকালি লাগিয়ে জয়পুরহাট শহর প্রদক্ষিণ করানো হয়। খঞ্জনপুর কুঠিবাড়ি ঘাটে নিয়ে নির্যাতনের পর তাদের গুলি করে হত্যা করা হয়।

প্রথম তিনটি অভিযোগে আলীমের বিরুদ্ধে গণহত্যা এবং চতুর্থ অভিযোগে হত্যার দায় প্রমাণিত হয়েছে বলে রায়ে বলা উল্লেখ করা হয়েছে।

মামলার পূর্বাপর

যুদ্ধাপরাধের অভিযোগে ২০১১ সালের ২৭ মার্চ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ওই দিনই জয়পুরহাটের বাড়ি থেকে আলীমকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আলীম জামিন চান।

ওই আবেদন খারিজ করে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠায়। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পরে তারা আবার জামিন চাইলে ৩১ মার্চ শর্তসাপেক্ষে তা মঞ্জুর করে আদালত।

ওইদিন ট্রাইব্যুনাল ১ লাখ টাকায় মুচলেকায় ছেলে টেলিকম খাতের ব্যবসায়ী ছেলে ফয়সাল আলীম ও আইনজীবী তাজুল ইসলামের জিম্মায় তাকে জামিন দেয় ট্রাইব্যুনাল।

বার্ধক্য ও স্বাস্থ্যগত সমস্যা বিবেচনায় ট্রাইব্যুনালের আদেশ অনুসারে সেইফহোমে না নিয়ে বাড়িতে গিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংস্থা।

২০১২ সালের ১৫ মার্চ স্থানীয় এই রাজাকার কমান্ডার ও শান্তি কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেন প্রসিকিউশন, যাতে হত্যা, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের ২৮টি অভিযোগ আনা হয়। ২৭ মার্চ তার বিরুদ্ধে অপরাধ আমলে নেয় ট্রাইব্যুনাল-১।

এরই মধ্যে ১৬ এপ্রিল মামলাটি ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তর করা হয়। সেখানেও অভিযোগ গঠনের শুনানির এক পর্যায়ে ৩ মে তার শর্ত সাপেক্ষের জামিনের মেয়াদ বাড়ানো হয়।

২০১২ সালের ১১ জুন মানবতাবিরোধী অপরাধের মোট ১৭টি অভিযোগে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই বিএনপি নেতার বিচার শুরু হয়।

পুরনো খবর:

যুদ্ধাপরাধী আলীম মারা গেছেন
হত্যা-গণহত্যার দায়ে বাকি জীবন কারাগারে
রাজাকার নেতা আলীমের আমৃত্যু কারাদণ্ড
আলীম কিন্তু বয়স বিবেচনা করেনি