২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে বাস উল্টে শিক্ষার্থীসহ নিহত ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস উল্টে এক শিক্ষার্থীসহ দুই পথচারী নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২৫ জন।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 02:30 PM

Updated : 22 Aug 2022, 06:58 PM

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, সোমবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ভৈরব বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,  শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের বাঘলপুর গ্রামের বিল্লাল মিয়ার মেয়েও ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী লীলা বেগম (১৪) ও মৌলভীবাজারের গিয়াসনগর ইউনিয়নের আরব আলীর ছেলে মেরু মিয়া (৩৫)।

খবর পেয়ে এলাকাবাসী ও শিক্ষার্থীরা ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করলে তিন ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।

পরে বেলা পৌনে ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে বলে জানান তিনি।

উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার যাচ্ছিল যাত্রীবাহী মিনিবাসটি। ভৈরব বাজার এলাকায় বরুনা রাস্তার সামনে একটি ছাগলকে বাঁচাতে গিয়ে চালক হঠাৎ ব্রেক কষলে বাসটি উল্টে যায়। এ সময় পথচারী স্কুলছাত্রী লীলা, তার এক সহপাঠী ও পথচারী মেরু মিয়া বাসের নিচে চাপা পড়ে। এত ঘটনাস্থলে লীলা ও মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পর মেরু মারা যান। আহত হয় কমপক্ষে ২৫ জন।

আহতদের মধ্যে রয়েছেন- সুমি আক্তার (১২), ছুবিনা (২৯), লিরলি (১৬), শ্রীকান্ত (৪৯), রিমি (১৮), আমিনুল সালাম (৩৩), গোপাল কৃষ্ণ গোস্বামী (৪০), বিষ্ণুপদ গোস্বামী ((৪৫), স্বপন ভট্টাচার্য (৪২), সুবির দেব (৩৬), নির্মল দেব (৩৩), মিঠুন দেব (২৩), নকুল দেব নাথ (৩২), আয়াতুন্নেছা (৪০) ও শারমিন (৩০)।

তিনি আরো বলেন, “স্কুলছাত্রী নিহত হওয়ার পর ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী সড়ক অবরোধ করে।

“খবর পেয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুবিচারের আশ্বাস দিলে তারা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়।”

দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।