২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হল-মার্ককাণ্ডে কারাবন্দি ব্যাংক কর্মকর্তার মৃত্যু

হল-মার্ক কেলেঙ্কারির মামলায় কারাবন্দি সোনালী ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক আজিজুর রহমান মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 10:51 PM

Updated : 22 Aug 2022, 06:57 PM

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তার মৃত্যু হয় বলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারাধ্যক্ষ ফরমান আলী জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “আজিজুর রহমান ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। হাসপাতালে চিকিৎসা চলছিল। আজ সন্ধ্যা ৭টা নাগাদ তিনি মারা গেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।”

হল-মার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির মামলায় আজিজুর রহমানকে ২০১২ সালের অক্টোবর মাসে গ্রেপ্তার করা হয়।

তিনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির শেরাটন হোটেল (বর্তমানে রূপসী বাংলা) শাখার ব্যবস্থাপক ছিলেন। ওই শাখা হতে অনিয়মের মাধ্যমে হল-মার্ক গ্রুপকে ঋণ দেয়া হয় বলে অভিযোগ।

হল-মার্ক গ্রুপের আড়াই হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনা ধরা পড়ার পর আজিজুর রহমানকে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করে।

হল-মার্কের মালিক তানভীর মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ও সোনালী ব্যাংক যে কয়েকটি মামলা করেছে, সেগুলোতে আজিজুর রহমানও আসামি।