২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসচাপায় নিহত ১

চট্টগ্রাম নগরীর খুলশী থানার জিইসি মোড় এলাকায় বাসচাপায় এক ব্যক্তির মৃত্যুর পর পথচারীরা বাসটিতে আগুন দিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 08:30 PM

Updated : 13 Oct 2022, 12:29 PM

এসময় তার সঙ্গে থাকা এক শিশু ও নারীও আহত হয়েছেন। 

নিহত কেফায়েতের আনুমানিক বয়স ৩৫ বছর এবং তিনি ব্যবসায়ী ছিলেন বলে পুলিশ জানিয়েছে। তবে হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার সন্ধ্যা ৭টার দিকে জিইসি মোড়ের পেনিনসুলা হোটেলের কাছে সড়ক বিভাজকের কাছে রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়েছিলেন সাফায়েত এবং তার সঙ্গে থাকা ওই নারী ও শিশু।

“এসময় নগর এলাকায় চলাচলকারী ৩ নম্বর রুটের একটি বাস তাদের চাপা দেয়। বাসচাপায় ঘটনাস্থলেই সাফায়েতের মৃত্যু হয়।”  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জাহাঙ্গীর বলেন, “বাসচাপায় সাফায়েতের সঙ্গে থাকা মহিলা ও শিশু আহত হয়েছেন। বাসের চালক রেজাউল করিম মানিককে জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।” 

আহত দুইজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) নেয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

তবে এ বিষয়ে ঘটনাস্থলে থাকা খুলশী থানার এসআই আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে মোবাইলে পাওয়া যায়নি।

বাসে আগুন দেয়ার পর নগরীর জিইসি মোড়, ওয়াসা মোড়সহ আশেপাশের কয়েকটি সড়কে যানজটের সৃষ্টি হয়।

ঘটনাস্থলে থাকা বিডিনিউজের আলোকচিত্রী সুমন ঘোষ বাবু জানান, দমকল বাহিনী রাত পৌনে ৮টায় বাসের আগুন নিয়ন্ত্রণে এনেছে।