২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সম্প্রচার কমিশনে আমলা-সেনা কর্মকর্তা মানব না’

সম্প্রচার কমিশনে অবসরপ্রাপ্ত আমলা বা সেনা কর্মকর্তাকে মানা হবে না বলে মন্তব্য করেছেন একজন সাংবাদিক নেতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 05:28 PM

Updated : 22 Aug 2022, 06:57 PM

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেছেন, “আমরা জোরের সঙ্গে বলব, সম্পাদকীয় নীতিমালা কারো দ্বারা নির্দেশিত হতে পারে না। একটি গণমাধ্যম স্বাধীন। সম্পাদকীয় নীতিমালা তার নিজের কি-না সেটাই তার স্বাধীনতার প্রমাণ।”

আর্টিকেল নাইনটিন নামের একটি সংগঠনের উদ্যেগে রোববার ‘জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪: উদ্বেগ ও করণীয়’ শিরোনামে এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি।

বুলবুল বলেন, “তথ্যমন্ত্রী জানিয়েছেন, এক মাসের মধ্যে সম্প্রচার কমিশন করা হবে। এই কমিশন করতে হবে যোগ্য ব্যক্তিদের নিয়ে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং আমলাদের দিয়ে গঠিত কমিটি আমরা মানব না।”

তার দাবি, এই কমিশনে সাংবাদিক থাকতে হবে, সম্পাদক থাকতে হবে;  সাংবাদিকতার শিক্ষক, শিক্ষাবিদ, সাংবাদিকতা বোঝেন- এমন দেশি বিদেশি মানুষকে রাখতে হবে।

সশস্ত্র বাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয় অথবা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ায়- এমন বিষয় প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে টেলিভিশন ও রেডিওর জন্য গত ৪ অগাস্ট সম্প্রচার নীতিমালা অনুমোদনের পর থেকেই সাংবাদিকদের একটি অংশ এর সমালোচনা করে আসছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলেছে এই নীতিমালা সার্বিকভাবে গণমাধ্যমের ওপর সরকারের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা।

বুলবুল বলেন, “ইত্তেফাকের সম্পাদকীয় নীতিমালা আর প্রথম আলোর সম্পাদকীয় নীতিমালা এক হবে না। প্রথম আলোর নীতিমালা আর দৈনিক সংগ্রামের নীতিমালা এক হবে না।”

“আমরা সংগ্রামের নীতিমালার সঙ্গে একমত না হতে পারি, কিন্তু তিনি যেটা স্বাধীনভাবে করতে পারেন, সেটাই হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা।”

বৈশাখী টেলিভিশনের সিইও ও প্রধান সম্পাদক বুলবুল বলেন, কোন ধরনের টেলিভিশন চ্যানেল করা যাবে, আর কোনটি করা যাবে না সে সিদ্ধান্ত সরকারের। কিন্তু অনুমোদন দেয়ার পর একটি সম্প্রচার মাধ্যমের নীতিমালা অন্য কেউ ঠিক করে দিতে পারে না। 

“একজন বলল, আমি একটি ধর্মীয় চ্যানেল করতে চাই। এখন আপনি ধর্মীয় চ্যানেল দিবেন কি-না, সেটা আপনার বিষয়। কিন্তু চ্যানেল করার পর সম্পাদকীয় নীতিমালা অনুমোদন করিয়ে নিতে হবে, সেটা হবে না।”

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি বলেন, নীতিমালার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অধ্যায়ে এতো ‘না’ বলা হয়েছে যে, কোনো ‘স্বাধীন’ গণমাধ্যমের পক্ষে সেগুলো মানা সম্ভব নয়।

“এগুলো এই নীতিমালায় থাকার কোনো দরকার নেই। এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে সম্প্রচার কমিশন।”

অন্যদের মধ্যে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, ব্লাস্টের অনারারি নির্বাহী পরিচালক সারা হোসেন, ম্যাসলাইন মিডিয়া সেন্টারের নির্বাহী পরিচালক কামরুল আহসান মঞ্জু এই গোলটেবিল আলোচনায় বক্তব্য দেন।