২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জের বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান পদে ভোট চলছে

নতুন চেয়ারম্যান বেছে নিতে ভোট দিচ্ছেন মুন্সীগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভোটাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 09:17 AM

Updated : 13 Oct 2022, 12:30 PM

উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতায় বালুয়াকান্দির চেয়ারম্যান শামসুদ্দিন প্রধান নিহত হওয়ায় ওই পদটি শূন্য হয়।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল জানান, রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত।

গত ২৩ মার্চ গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের সময় বালুয়াকান্দি ড. আব্দুল গাফ্ফার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম ও বিদ্রোহী প্রার্থী রেফায়েতউল্লাহ খান তোতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় আমিরুল ইসলামের সমর্থক বলে পরিচিত বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সামছুদ্দিন প্রধানকে কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার।

শামসুদ্দিনের স্ত্রী মর্জিনা বেগমসহ মোট ছয়জন চেয়ারম্যান হওয়ার জন্যে লড়ছেন। মর্জিনার প্রতীক তালা।

অন্য পাঁচ প্রার্থী হলেন- মো. শাহজাহান (আনারস), মো. শহিদুজ্জামান জাকারিয়া (জাহাজ), মো. হুমায়ন কবির সুজন (দোয়াত কলম), মো. জাহাঙ্গীর হোসেন সরকার (মোটর সাইকেল) ও মো. বিল্লাল হোসেন প্রধান (কাপ পিরিচ)।

নির্বাচনের রির্টানিং কর্মকর্তা আফরোজা খাতুন জানান, এ ইউনিয়নে মোট ভোটার ১১ হাজার ৭৯৭ জন। ১০টি কেন্দ্রের ৩২টি বুথে ভোট নেয়া হচ্ছে।

এদিকে নির্বাচনকে ঘিরে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

জেলা প্রশাসক জানান, এক প্লাটুন বিজিবি, ৪৬০ জন পুলিশ ও আনসার এবং র‌্যাব কেন্দ্রগুলোর নিরাপত্তায় নিয়োজিত আছেন।