২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে তোয়ালে কারখানায় ডাকাতি

ঢাকার ধামরাইয়ে একটি তোয়ালে তৈরির কারখানায় ডাকাতি হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2014, 02:26 PM

Updated : 22 Aug 2022, 06:57 PM

শনিবার ভোরে ধামরাইয়ের কালামপুর এলাকার ‘টেক্যড্রাইফ লিমিটেড’ কারখানায়  এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতের হামলায় আহত হয়েছে কারখানার তিন শ্রমিক।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমান বলেন, “ভোরে ২৫/৩০ জন মুখোশ পরা অস্ত্রধারী ডাকাত কারখানার উত্তর পাশের সীমনাপ্রাচীর টপকিয়ে ভেতরে প্রবেশ করে।

“এরপর কারখানার পাঁচজন নিরাপত্তা কর্মী ও ডাইং সেকশনের সাত শ্রমিককের হাত-মুখ বেঁধে ফেলে এবং লুটপাট শুরু করে। এতে বাধা দিলে ইদ্রিস আলী, সেলিম হোসেন ও রবিনকে মারধর করে ডাকাতরা।”

তিনি দাবি করেন, ডাকাতরা তোয়ালে তৈরির ১০০ বস্তা সুতা, উৎপাদিত তোয়ালে ও মূল্যবান মালামালসহ ৭০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে ট্রাকে করে পালিয়ে যায়।

কারখানার ১২১ জন শ্রমিক গত জুলাই মাস থেকে বেতন-ভাতা পাচ্ছে না জানিয়ে ধামরাই থানার ওসি ফিরোজ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি ডাকাতি কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। 

ডাকাতির ঘটনার পর কর্তৃপক্ষ কারখানায় উৎপাদন বন্ধ রেখেছে বলে জানান তিনি।