চট্টগ্রামে শিশু সাংবাদিক বাছাই শুক্রবার
শিশু-কিশোরদের পরিচালনায় বিশ্বের প্রথম বাংলা সংবাদভিত্তিক ওয়েবসাইট ‘হ্যালো’র চট্টগ্রাম জেলার সাংবাদিক বাছাই পরীক্ষা আগামী ২২ অগাস্ট অনুষ্ঠিত হবে।
বন্দর নগরীর চেরাগী পাহাড় মোড়ের কদম মোবারক এম ওয়াই উচ্চ বিদ্যালয়ে আগামী শুক্রবার সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হবে।
আগ্রহী শিক্ষার্থীদের শুক্রবার সকাল ১০টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
দুই ঘণ্টার এই পরীক্ষায় ১২ বছরের বেশি ও ১৮ বছরের নিচের যে কেউ অংশ নিতে পারবে।
প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করা হবে, পরীক্ষার্থীদের শুধু কলম নিয়ে আসতে হবে বলে হ্যালো এর এক মুখপাত্র জানিয়েছেন।
গ্রামীণফোনের সহযোগিতায় জেলায় জেলায় সাংবাদিক বাছাইয়ের অংশ হিসেবে আগামী ২২ অগাস্ট দেশের ২৩ টি জেলায় একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এতে শিশু-কিশোররা লেখা ছাড়াও ফটো, আঁকা ছবি ও ভিডিও’র মাধ্যমে নিজেদের কথা তুলে ধরে।
এবার গ্রামীণফোনকে সঙ্গে নিয়ে দেশব্যাপী পরিচালিত এ কর্মসূচিতে বছর শেষে হ্যালোতে প্রকাশিত একশটি প্রতিবেদন নিয়ে ছাপা হবে বই।
চট্টগ্রামে আগামী শুক্রবার যাচাই পরীক্ষা শেষে মনোনীতদের নিয়ে আগামী ৩০ অগাস্ট শুভার্থীসভা ও মৌখিক পরীক্ষা এবং ৩১ অগাস্ট প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হবে।
সবশেষে আগামী ১ সেপ্টেম্বর নগরীর থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে অংশগ্রহণকারী ও শুভার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
