চট্টগ্রামে কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
চট্টগ্রাম নগরীতে একটি ঢেউ টিন কারখানায় কাজ করার সময় দুর্ঘটনায় এক শ্রমিক মারা গেছেন।
মঙ্গলবার কালুরঘাট বিসিক শিল্প এলাকায় আরামিট গ্রুপের মালিকানাধীন অ্যালবার্ট্রো ঢেউ টিন কারখানায় কাজ করার সময় দুর্ঘটনায় আহত হন মেশিন মেকানিক আমির হোসেন (৪০)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।
চমেক পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় আমিরকে হাসপতালে ভর্তি করা হয়।
“সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”
আরামিট গ্রুপের আবাসিক চিকিৎসক জাকির হোসেন জানান, মেশিন মেরামতের সময় বুকে একটি পাতের চাপ লেগে গুরুতর আহত হয়েছিলেন আমির।
