২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবা নিয়ে মিয়ানমারের নাগরিকসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলায় মিয়ানমারের তিন নাগরিকসহ পাঁচজনকে ৬০০টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2014, 08:15 PM

Updated : 22 Aug 2022, 06:55 PM

রোববার গভীর রাতে উপজেলা সদরের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান।

এসময় তাদের বহনকারী মাইক্রোবাসটিও জব্দ করা হয় বলে জানান তিনি।

গ্রেপ্তার তিনজন হলেন- মো. কামাল (৪০), মো. হারুণ (৪০), মো. ছাদেক (২২)। অন্য দুইজন হলেন ফজল কাদের ওরফে বার্মা কাদের (৪০) এবং মো. আইয়ূব (৪২)।

এদের মধ্যে আইয়ূব মাইক্রোবাসের চালক। 

লোহাগাড়া থানার এসআই মো. সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাসড়কের চুনতি এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসটিকে থামানোর সংকেত দিলে তা অমান্য করে।

“পরে মাইক্রোবাসটি ধাওয়া করে উপজেলা পরিষদ গেইট থেকে তাদের ধরা হয়। তাদের তল্লাশি করে ৬০০ পিস ইয়াবাও জব্দ করা হয়।”

গ্রেপ্তার তিন মিয়ানমার নাগরিকের কাছ থেকে কোনো ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, “জিজ্ঞাসাবাদে গত শনিবার অবৈধভাবে বাংলাদেশে তারা প্রবেশ করে বলে জানিয়েছেন।

“তারা ইয়াবা নিয়ে টেকনাফ থেকে লোহাগাড়া দর্জি পাড়া এলাকার নুরুন্নবীর বাড়িতে যাচ্ছিলেন বলে পুলিশকে জানায়।”

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক পাচার আইনে ও অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ এবং প্রবেশে সহায়তার অভিযোগে পৃথকভাবে দুইটি মামলা করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা সোলায়মান।