২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় দিনেও হদিস মেলেনি টায়ারভর্তি ট্রাকের

বেনাপোল বন্দর থেকে ঢাকাগামী টায়ার ভর্তি একটি ট্রাকের সন্ধান নিখোঁজ হওয়ার ছয় দিন পরও পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2014, 07:32 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

গত মঙ্গলবার বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছাড়া ট্রাকটি নিয়ে এর চালক পালিয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

নিখোঁজ  ট্রাকটির মালিক লোকমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুটি ট্রাক ঢাকায় পৌঁছালেও একটি ট্রাক (কুষ্টিয়া-ট-১১-০০৮৭) ঢাকায় পৌঁছেনি। এরপর ট্রাকটির চালক কবির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

নিখোঁজ ট্রাকে ২০ লাখ টাকা মূল্যের টায়ার ছিল বলে লোকমান হোসেন জানান।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানান, ট্রান্সপোর্ট ও সিঅ্যান্ডএফ এজেন্টের লোকজন বিভিন্ন স্থানে ট্রাকটির খোঁজখবর নিয়েও কোনো সন্ধান পায়নি।

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভুয়া নাম-ঠিকানা ও জাল কাগজপত্র দেখিয়ে একটি চক্র মাঝেমধ্যে বেনাপোল বন্দর থেকে মালামাল খালাস নেয়ার পর মাঝপথে ট্রাকসহ আমদানিকৃত মালামাল ছিনতাই করে নিয়ে যাচ্ছে। এ ট্রাকটির ক্ষেত্রেও তেমনটি হতে পারে।

বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, ট্রাক মালিক সোমবার এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিষয়টি  তদন্ত করে দেখা হচ্ছে।

ঢাকার ‘ডাইটেক্স ইন্টারন্যাশনাল’ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে দুটি কনসাইনমেন্টে তিন ট্রাক টায়ার (২৩০ পিস) আমদানি করে। পণ্য চালানটি কাস্টমস ও বন্দরের শুল্ককর পরিশোধসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গত মঙ্গলবার বেনাপোল বন্দর থেকে খালাস করা হয়।