মাকালকান্দি গণহত্যা দিবস ১৮ অগাস্ট
মাকালকান্দি গণহত্যা দিবস ১৮ অগাস্ট। ১৯৭১ সালের এ দিনে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হিন্দু অধ্যুষিত মাকালকান্দি গ্রামে একই পরিবারের ১১ জনসহ ৮৮ জনকে হত্যা করা হয়।
ওইদিনের কয়েকজন প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৮ অগাস্ট সকালে চণ্ডি মন্দিরে মনসা ও চণ্ডি পূজার প্রস্তুতি নিচ্ছিল গ্রামবাসী। এ সময় পাক বাহিনী পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়া হয় পুরো গ্রামে। শুরু হয় লুটপাট ও হত্যাযজ্ঞ।
ওইদিন স্থানীয় রাজাকারদের সহায়তায় পাক বাহিনীর হাতে গ্রামটির ৮৮ জন খুন হন, যার মধ্যে ৪৪ জন ছিলেন নারী।
ঘটনার প্রত্যক্ষদর্শী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কংশ মোহন দাশ (৮৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার চোখের সামনে পিতামহ ও বোন মিনতি রানীর (৩৬) চার দিনের শিশুকে গুলি করে হত্যা করে পাকবাহিনী।
এ হত্যাকাণ্ডকে স্মরণে রাখতে ২০০৮ সালে এ গ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে।
