চট্টগ্রামে আগুনে পুড়েছে ১২টি ঘর
চট্টগ্রামের সীতাকুণ্ড থানার বড় কুমিরা এলাকায় আগুন লেগে ১২টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।
দমকল বাহিনীর আগ্রাবাদ ফায়ার স্টেশনের অপারেটর বিশ্বান্তর বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার ভোরে বড় কুমিরার রহমতপুর এলাকায় রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।
“আগুনে ১২ জন মালিকের ১২টি কাঁচা বসত ঘর পুড়ে মোট দুই লাখ ৯০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।”
প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়্ন্ত্রণে আসে বলে জানান এই দমকলকর্মী।
