২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক মামলায় তারেকের পিএস অপুর জামিন

চাঁদাবাজির এক মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন বিএনপির জ্যেষ্ঠ ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব (পিএস) মিয়া নুর উদ্দিন ওরফে অপু।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2014, 05:12 PM

Updated : 22 Aug 2022, 06:55 PM

বিচারপতি সালমা মাসুদ চৌধুরী নেতৃত্বাধীন হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চ সোমবার জামিন আদেশের পাশাপাশি তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল দিয়েছে।

আদালতে আবেদনকারী পক্ষে ছিলেন জয়নুল আবেদীন ও মো. সগীর হোসেন লিওন।

সগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৮ সালে তারেক রহমানকে গ্রেপ্তারের দিন গুলশান থানায় এই মামলা হয়।

তবে দুর্নীতি দমন কমিশনের আরেকটি মামলায় জামিন না হওয়ায় এখনই কারাগার থেকে অপু মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন এই আইনজীবী।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

অন্য মামলাটি হয়েছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলেকে সাব্বির হত্যা মামলা থেকে বাঁচাতে ঘুষ-লেনদেনের অভিযোগে, যেটি তদন্ত করেছে দুদক। 

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে করা দুই মামলারই অভিযোগপত্রভুক্ত আসামি অপু।

গণমাধ্যমের খবর, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে বিতর্কিত ‘হাওয়া ভবনের’ অন্যতম প্রভাবশালী ব্যক্তি অপু ২০০৭ সালে মালয়েশিয়া চলে যান।

গত ১৭ জুন ঢাকায় ফেরার অপু ঢাকার মহানগর ২ নম্বর দ্রুত বিচার আদালতে আত্মসমর্পণ করলে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান ওই আদালতের বিচারক মোহাম্মদ আতাউল হক।