ঠাকুরগাঁওয়ে গুলি করে টাকার ব্যাগ ছিনতাই
ঠাকুরগাঁওয়ে একটি সিগারেট কোম্পানির বিক্রয় ব্যবস্থাপককে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের শিমুলতলী এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ নেভি সিগারেট কোম্পানির বিক্রয় ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান আসাদকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে ব্যাগে কত টাকা ছিল তা জানাতে পারেনি পুলিশ।
ঘটনাস্থল থেকে একটি রিভলভার, ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও একটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত সদর থানার ওসি মেহেদী হাসান জানান, ঠাকুরগাঁও রোড থেকে আসাদুজ্জামান ও আরো একজন মোটরসাইকেলে করে দুটি ব্যাগে টাকা নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে আরো দুটি মোটনসাইকেলে করে চার ছিনতাইকারী এসে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। গুলি আসাদুজ্জামানের মাথার পেছনে লাগলে তিনি সেখানে পড়ে যান।
ব্যাগে কত টাকা ছিল জানা যায়নি জানিয়ে ওসি মেহেদী বলেন, আসাদুজ্জামানকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুল জব্বার জানান, মাথার ঠিক পেছনেই গুলিবিদ্ধ হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
