২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিতে জাতিসংঘের দুই শান্তিরক্ষী নিহত

মালির উত্তরাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষীদের একটি টহল ঘাঁটিতে এক আত্মঘাতী হামলায় অন্তত দুজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো সাত শান্তিরক্ষী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 02:36 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় চালানো এ হামলায় একটি বিস্ফোরক ভর্তি পিকআপ ট্রাক নিয়ে হামলাকারী শান্তিরক্ষীদের ঘাঁটির ভিতর ঢুকে বিস্ফোরণ ঘটায়।

জাতিসংঘ মাল্টিন্যাশনাল স্টাবিলাইজেশন মিশন ইন মালি (মিনুসমা) বরাত দিয়ে রোববার জানিয়েছে বিবিসি।

ঘাঁটিটি মালির উত্তরাঞ্চলীয় শহর টিম্বাকটু থেকে ৫০ কিমি পূর্বের বের এলাকায় অবস্থিত। নিহত দুই শান্তিরক্ষী বুর্কিনা ফাসোর সেনাবাহিনীর সদস্য বলে জানা গেছে।

জাতিসংঘ মহাসচিব বানা কি মুন এই হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন।

গত সপ্তাহে আলাদা দুটি ঘটনায় পেতে রাখা মাইনের ওপর গাড়ি উঠে গেলে বিস্ফোরণে দুই বাংলাদেশী ও চাদের এক সেনা আহত হয়েছিলেন।

গত বছর ইসলাপন্থী বিদ্রোহী জঙ্গিরা মালির উত্তরাঞ্চলের বিশাল এলাকা দখল করে রাজধানী বামাকোর দিকে অগ্রসর হতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফ্রান্স সামরিকভাবে হস্তক্ষেপ করে। তখন থেকে ফরাসি সেনাবাহিনী দেশটিতে অবস্থান করছে।

পরে দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়। দেশটির উত্তরাঞ্চলে তুয়ারেগ গোষ্ঠির বিদ্রোহীরাও তৎপর রয়েছেন।