শোকের দিনে জন্মদিন পালন ‘রুচিহীন দুষ্কর্ম’: ইনু
জাতির শোকের দিনে বিএনপি নেত্রী খালেদা জিয়ার কেক কেটে জন্মদিন পালন ‘একটি রুচিহীন দুষ্কর্ম’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শুক্রবার তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হয়।
আওয়ামী লীগের সমালোচনার পরও এই দিনটিতে কেক কেটে জন্মদিন পালন করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, যার সঠিক জন্ম তারিখ ও জন্মসাল নিয়ে দুই রকম তথ্য পাওয়া যায়।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন আয়োজিত এই আলোচনায় জাসদ সভাপতি ইনু বলেন, “বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে কখনো এই নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানাননি। যতদিন বেগম জিয়া এই নির্মম হত্যাকাণ্ডের নিন্দা না জানাবেন, ততদিন তিনি আসলে গণতন্ত্রের ওড়না পরে চক্রান্তের রাজনীতিই করবেন।”
তিনি বলেন, “বাঙ্গালী জাতির হৃদয় কাটার অপচেষ্টার এই শোকাবহ দিনে জন্মদিনের নামে কেক কাটার উল্লাস একটি রুচিহীন দুষ্কর্ম।”
তথ্যমন্ত্রী বলেন, ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে দেশভাগ করে ব্রিটিশ সরকার ও তৎকালীন রাজনীতিকরা যে ‘রাজনৈতিক ভুল’ করেছিলেন, অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ প্রতিষ্ঠা করে একাত্তরে বঙ্গবন্ধু তা ‘শুধরে’ দেন।
১৯৭৫ সালের ১৫ অগাস্টকে জাতির ইতিহাসের ‘এক কালো অধ্যায়’ হিসাবে চিহ্নিত করে ইনু বলেন, এই দিনে বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যার মধ্য দিয়ে ‘জাতির আত্মাকে হত্যার’ চেষ্টা হয়েছিল। ‘সাম্প্রদায়িকতার ছুরিকাঘাতে’ রক্তপাত ঘটেছিল জাতির হৃদয়ে।
তিনি বলেন, “চলন্ত বাসে পেট্রোল বোমা নিক্ষেপকারী ও রেললাইনের ফিশপ্লেট খুলে ঘুমন্ত যাত্রীদের হত্যাকারী এইসব স্বাধীনতাবিরোধীদের আস্ফালন ধ্বংস করে পরিবর্তনের ধারা সূচনা করতে হবে।”
চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম হারুন-অর-রশীদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য সচিব মরতুজা আহমদ।
অন্যদের মধ্যে অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী, অভিনেতা আকবর হোসেন খান পাঠান (ফারুক), এটিএম শামসুজ্জামান এবং চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. জাকির হেসেন আলোচনায় অংশ নেন।
