ছিনতাই হওয়া মোবাইল অনলাইনে বিক্রি
চুরি বা ছিনতাই হওয়া দামি মোবাইল ফোন কিনে নিয়ে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করে- এমন এক চক্রের সন্ধান পেয়েছে চট্টগ্রামের পুলিশ।
নওশাদুল ইসলাম ফরহাদ ওরফে নজরুল (২২) নামে এক যুবককে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে ওই চক্রের বিষয়ে জানতে পারেন নগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা।
গোয়েন্দা পুলিশের এসআই সন্তোষ চাকমা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দরনগরীর জুবিলী রোড তিন পুলের মাথা থেকে দুটি আইফোন ও দুটি এইচটিসি মোবাইল সেটসহ নওশাদুলকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সন্তোষ বলেন, “নওশাদুলের সাথে বিভিন্ন ছিনতাইকারী দলের সদস্যদের সম্পর্ক আছে। এভাবেই সে বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাই হওয়া দামি মোবাইল সেট সংগ্রহ করে।”
জিজ্ঞাসাবাদে নওশাদুল পুলিশকে বলেছেন, চোরাই মোবাইল সেট সংগ্রহ করার পর তিনি তার সহাযোগী লিটন ও ছোট ভাই সোহেলের মাধ্যমে সেগুলো ঢাকায় পাঠিয়ে দেন। সেখানেই সেগুলো বিক্রির ব্যবস্থা হয়।
একইভাবে ঢাকা থেকে সংগ্রহ করা চোরাই সেট লিটনের মাধ্যমে এনে চট্টগ্রামে বিক্রি করা হয় বলে এসআই সন্তোষ জানান।
তিনি বলেন, “জিজ্ঞাসাবাদে নওশাদুল বলেছে, মোবাইল সেট সংগ্রহ করে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে এবং ওয়েব সাইটে বিজ্ঞাপন দিয়ে সেগুলো বিক্রি করে।”
নজরুলকে বৃহস্পাতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তার দুই সহযোগীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
