কেক কাটা-আলোচনায় চট্টগ্রামে খালেদা জিয়ার জন্মদিন
দুই দফা কেক কেটে ও আলোচনা সভা করে চট্টগ্রামে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন করেছেন দলটির নেতাকর্মীরা।
বন্দর নগরীর নাসিমন ভবনে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ে শুক্রবার প্রথম প্রহরে ও দুপুরে খালেদার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। আলোচনা সভা হয় বিকালে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দিনে জন্মদিন পালন না করতে আওয়ামী লীগ নেতাদের আহ্বান থাকলেও ১৫ অগাস্টের প্রথম প্রহরে রাজধানীতে দলের নেতা-কর্মীদের নিয়ে কেক কেটে নিজের জন্মদিন উদযাপন করেন খালেদা জিয়া।
বিএনপির ভাষ্য অনুযায়ী, এদিন ৬৯ বছরে পা দিলেন খালেদা জিয়া।
শুক্রবার প্রথম প্রহরে চট্টগ্রামে খালেদার জন্ম দিনের কেক কেটে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী শক্তির ঐক্যের মূর্ত প্রতীক। তার নেতৃত্বেই স্বৈরাচারকে হটিয়ে ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে।”
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিকালে এক আলোচনা সভার আয়োজন করে নগরীর শুলকবহর ওয়ার্ড বিএনপি।
ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে নোমান বলেন, “এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে জাতির প্রতিটি ক্রান্তিলগ্নে ও গণতান্ত্রিক আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন খালেদা জিয়া।
“শিগগিরই তিনি সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন। দেশ রক্ষার সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে।”
দুপুরে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় নাসিমন ভনের কার্যালয়ে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন। অন্যদের মধ্যে নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দীপ্তি, নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু উপস্থিত ছিলেন।
এর বাইরে বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচির আয়োজন করে বিভিন্ন সহযোগী সংগঠন।
