শিবগঞ্জে ছিনতাইকারী সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।
শিবগঞ্জ থানার ওসি আশিকুর রহমান জানান, সন্ধ্যায় শিবগঞ্জ পৌর এলাকার বিরাহিমপুর মহল্লার বাবু নামে এক ব্যক্তি মোটরসাইকেলযোগে শিবগঞ্জ সদরে যাচ্ছিলেন। এ সময় শিবগঞ্জ-ধাইনগর সড়কের পুটিমারি বিল এলাকায় দুই ব্যক্তি তার পথ রোধ করে।
তারা বাবুকে মারধর করে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে ধাইনগর ইউনিয়নের নাক্কাটিতলার দিকে পালিয়ে যায়। এসময় বাবু পরিচিতদের মোবাইলে বিষয়টি জানালে স্থানীয়রা ধাওয়া দিয়ে ওই দুজনকে ধরে পিটুনি দেয়।
পরে পুলিশ গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে রাত ৯টার দিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান ওসি আশিকুর রহমান।
