কারখানায় ওভেন বিস্ফোরণে আহত ২০
গাজীপুর সদরে একটি পোশাক কারখানায় কাপড় শুকানোর ওভেন বিস্ফোরণে অন্তত ২০ শ্রমিক আহত হয়েছেন।
বুধবার বিকালে মনিপুর এলাকায় ইউটাহ ফ্যাশন লিমিটেডে এ দুর্ঘটনায় আহতদের মধ্যে তিন জনকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই হারুন অর রশীদ জানান, বেলা সাড়ে ৩টার দিকে কারখানার চারতলা ভবনের দ্বিতীয় তলায় কাপড় শুকানোর মাইক্রোওয়েব ওভেনটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।
এতে ওই তলার দরজা-জানালার কাচ ভেঙে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়।
খবর পেয়ে পুলিশ যায়। পরে শ্রমিকদের সহায়তায় আহতদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়।
গাজীপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন রীনা আক্তার (৩০), রোজিনা (২০) ও হাফিজুর রহমান (৩০)।
একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন সাজু (২৭), ঝুমুর (১৮), রফিক (৪২), রীনা বেগম (২৮), নূরে আলম (২৭), হাফিজুল (২৯), রেজিয়া (২৭), রুনা (২৬), হালিমা (২৮) ও রুনি (২৫)।
গাজীপুর সদর হাসাপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবু আহম্মদ আল মামুন জানান, আহতদের মধ্যে তিন জনকে ভর্তি ও ১১ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
কারখানার ডেপুটি ম্যানেজার আবু জাফর মো. সালেহ জানান, এই ওভেনের মাধ্যমে ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পের সাহায্যে কারখানায় কাপড় শুকানো হয়।
