রাজেন্দ্র কলেজছাত্রীকে ‘পাচারের চেষ্টা’
নেশাদ্রব্য মেশানো খাবার খেয়ে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের একটি মহিলা মেসের আট ছাত্রী অসুস্থ হয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে অনাথের মোড়ের মেসে এ ঘটনায় অসুস্থ ছাত্রীদের ফরিদপুর জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি সুনীল কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার শারমিন আক্তার (২৮) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বেলজাটন গ্রামের জামাল ডাকাতের স্ত্রী।
বিভিন্ন স্থান থেকে মেয়ে সংগ্রহ করে সে পাচার করে। শারমিন এর আগেও ৩/৪ বার সে এ ধরনের ঘটনা ঘটিয়ে নারী পাচার করেছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
তিনি জানান, শারমিনের স্বামী জামাল একজন আন্তজেলা ডাকাত, যে এখন কারাগারে আছে।
অসুস্থ শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার বিকালে এক মহিলা সাহায্যের কথা বলে তাদের মেসে আশ্রয় নেয়। অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে সুসম্পর্ক তৈরির করে রান্নাঘরে ঢোকে এবং বেশকিছু সময় সেখানে রান্না করা তরকারি নাড়াচাড়া করে।
রাতে ওই তরকারি দিয়ে ভাত খাওয়ার পর তারা অচেতন হয়ে পড়েন। রাতেই তাদের ফরিদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ সময় ওই মহিলাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশে সোপর্দ করা হয় বলে তারা জানান।
রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমান জানান, ছাত্রীদের অসুস্থ হওয়ার খবর পেয়ে তাদের দেখতে গেছেন হাসপাতালে।
ফরিদপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন উষা রঞ্জন চক্রবতী জানান, খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ছাত্রীদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আশা করা হচ্ছে, দুই/তিন দিনের মধ্যে তারা সুস্থ হয়ে যাবে।
