২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁচলেন না আমেনা

প্রায় দুই বছর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেলেন আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার তোবা গ্রুপের পুড়ে যাওয়া পোশাক কারখানা ‘তাজরীন ফ্যাশনস লিমিটেড’ এর শ্রমিক আমেনা বেগম।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 03:56 PM

Updated : 22 Aug 2022, 08:38 PM

বুধবার ভোরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের দিন জীবন বাঁচাতে পঞ্চম তলার ছাদ থেকে লাফিয়ে পড়েন আমেনা ।

পাশের ভবনের টিনের চালে পড়ে সে যাত্রা বেঁচে গেলেও মারাত্মকভাবে আহত হন তিনি। এরপর থেকেই তিনি চিকিৎসার মধ্যে ছিলেন।

লালমনিহাটের ঘরিদহ এলাকার বাসিন্দা আমেনার স্বামীর নাম আবুল হোসেন। দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে তাদের।

মোস্তাফিজুর রহমান বলেন, সকালে ঢাকা থেকে আমেনা বেগমের মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন কারখানার পাশে ‘নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ মাঠে আনা হলে পোশাক শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে দেখতে ভিড় জমায়।

পরে মৃতদেহটি তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার-আশুলিয়া অঞ্চলের সাধারণ সম্পাদক খায়রুল মামুন মিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমেনা তাজরীন গামেন্টেসের পঞ্চম তলায় হেলপার পদে কাজ করতেন।

Image
শনিবার রাতে আগুনে আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরিন ফ্যাশনস পুড়ে যায়। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, নভেম্বর ২৫, ২০১২

শনিবার রাতে আগুনে আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরিন ফ্যাশনস পুড়ে যায়। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, নভেম্বর ২৫, ২০১২

ঘটনার দিন পঞ্চম তলা থেকে লাফিয়ে পড়ার পর প্রথমে তাকে আশুলিয়ার বেরন এলাকার নারী ও শিশু হাসপাতালে এবং সেখান থেকে ঢাকার ট্রমা সেন্টারে ভর্তি করা হয়।

২০ দিন পর ট্রমা সেন্টারের চিকিৎসকরা আমেনাকে ছেড়ে দিলেও বাড়ি ফিরে তার অবস্থার আবার অবনতি হয়। তখন তিনি নিজের চেষ্টায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে থাকেন।

তাতে অবস্থার খুব একটা উন্নতি না হওয়ায় গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পক্ষ থেকে আমেনাকে ঢাকার পান্থপথের ‘হেলথ অ্যান্ড হোপ’ হাসপাতালে ভর্তি করা হয়।

“সেখানে চিকিৎসকরা বলেন, তার পিত্তথলিতে পাথর হয়েছে, অপারেশন করাতে হবে। অপারেশনের পর ইনফেকশন দেখা দেয়। তাছাড়া উপর থেকে পড়ার ফলে তার বুকে রক্ত জমে গিয়েছিল। এই অবস্থার মধ্যে তার ক্যান্সার হয়ে যায়”, বলেন মিন্টু।

পরে চলতি বছর জুনে আমেনাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে সেখানেই তার মৃত্যু হয়।

তাজরীন কারখানায় ভয়াবহ সেই অগ্নিকাণ্ডে পুড়ে মারা যান ১১২ জন। অগ্নিদগ্ধ হয়ে এবং কারখানা থেকে লাফিয়ে পড়ে আহত হন বহু শ্রমিক।

</div>  </p>

পুরনো খবর:

দেলোয়ারের জামিন ‘তথ্য গোপন করে’