এবার জোয়ারে জলাবদ্ধতা বন্দর নগরীতে
অতিবর্ষণের পর এবার জোয়ারের প্রভাবে খাল উপচে লোকালয়ে ঢোকা পানি বন্দরনগরীর একাংশে জলাবদ্ধতা সৃষ্টি করেছে।
চট্টগ্রামের প্রধান পাইকারি বাজার খাতুনগঞ্জ, চাক্তাই, বাকলিয়া, প্রধান বাণিজ্যিক এলাকার আগ্রাবাদ সংলগ্ন এক্সেস সড়ক, সিডিএ আবাসিক এলাকা ও সংলগ্ন বিভিন্ন এলাকায় গত রোববার ‘সুপারমুন’ সৃষ্ট জোয়ারের প্রভাবে শুরু হয় এ জলাবদ্ধতা।
নগরীর প্রধান দুই খাল চাক্তাই ও মহেশখাল সংলগ্ন এসব এলাকা মঙ্গলবার পর্যন্ত জলমগ্ন ছিল। প্রতিদিন জোয়ারের সময় এসব এলাকায় পানির পরিমাণ বেড়েছে, আর কমেছে ভাটায়।
সিটি মেয়র এম মঞ্জুর আলম বলেছেন, খালের মুখে স্লুইস গেট নির্মাণ এবং কর্ণফুলীর গভীরতা বাড়ানো ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
ব্যবসায়ী নেতাসহ নগরবাসী বলছেন, সদিচ্ছা থাকলে খালে স্লুইস গেট নির্মাণের মতো অল্প বাজেটের কাজ অনেক আগেই হওয়া উচিত ছিল।
এসব এলাকায় জোয়ারের পানি প্রবেশ নিয়মিত ঘটনা হলেও টানা তিন দিন পানি আটকে থাকায় ব্যবসা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বিপর্যস্ত হয়ে পড়েছে।
চট্টগ্রাম আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ নিলুফার জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত রোববার পূর্ণিমায় স্বাভাবিকের চেয়ে এক থেকে তিন ফুট উচ্চতার জোয়ার হয়েছিল। তবে এখন আর এর কোনো প্রভাব নেই।
রোববারের জোয়ারের প্রভাবেই মহেশখাল ও চাক্তাই খাল সংলগ্ন এসব এলাকায় পানি ঢুকে পড়ে। আটকে পড়া পানি ভাটায় কিছুটা কমলেও পুরোপুরি সরেনি।
আগ্রাবাদ এক্সেস সড়ক সংলগ্ন শান্তিবাগের বাসিন্দা আবদুল্লাহ আল ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগে জোয়ারের পানি সিডিএ আবাসিক এলাকা পর্যন্ত আসত। এখন এখানেও চলে আসে। গত তিন দিন বাড়ির নিচতলা পানির নিচে।”
আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় অবস্থিত কর অঞ্চল-১ এর সহকারী করকমিশনার রাশেদ রেজা ডিকেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জলাবদ্ধতার কারণে সেবা গ্রহীতারা আসতে না পারায় দাপ্তরিক কার্যক্রম মারাত্মক বিঘ্নিত হচ্ছে।
“তিন দিন ধরে পানি আটকে থাকার পরও কোনো উদ্যোগ দেখা যায়নি। এটা বাণিজ্যিক এলাকা নাকি হাওর অঞ্চল বোঝা দায়।”
তার কথার সত্যতা মেলে মঙ্গলবার ওই এলাকায় গিয়ে। সেখানে মূল সড়কে একদল হাঁস ভেসে বেড়াচ্ছিল, আর এলাকার মানুষ কাপড় উঁচিয়ে, জুতা হাতে নিয়ে পানি ডিঙিয়ে চলাচল করছিল।
চট্টগ্রামের প্রধান পাইকারি বাজার খাতুনগঞ্জের বিভিন্ন অংশ গত তিন দিন জলমগ্ন। দোকান, আড়ত ও গুদামে ফুট খানেক উচ্চতার পানি জমে আছে।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এতদিন বৃষ্টিতে জলাবদ্ধতা হত। এখন বৃষ্টি ছাড়াই জলাবদ্ধতা হচ্ছে। ব্যবসা বন্ধ, পানিতে মালামাল নষ্ট হচ্ছে।
চলতি বর্ষার শুরুতেই অতিবর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয় বন্দর নগরীতে, যা নিয়েও সমালোচনায় পড়তে হয়েছে মেয়র মঞ্জুরকে।
ছগীর বলেন, “আমরা সরকারকে কর দিয়ে ব্যবসা করি। অথচ দেশের প্রাচীন ও অন্যতম প্রধান এ ব্যবসা কেন্দ্রে জোয়ারের পানি আটকে থাকে। চাক্তাই খালে একটা স্লুইস গেট নির্মাণের জন্য বেশি বরাদ্দের প্রয়োজন নেই। প্রয়োজন সদিচ্ছার।”
তিনি বলেন, স্লুইস গেটের জন্য গত ১০ বছরে মন্ত্রী থেকে মেয়র সবার কাছে গিয়েছি। এখনো কিছুই হল না। এভাবে ব্যবসা বা বিনিয়োগ কিছুই হবে না।
নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা সমাধানযোগ্য সমস্যা। জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ পুরনো ঘটনা হলেও এর সমাধান না হওয়া জনজীবনের দুর্ভোগ নিয়ে সীমাহীন অবহেলার ফল।
“খালের মুখে স্লুইস গেট নির্মাণ করে রেগুলেটর বসালে জোয়ার-ভাটায় পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা সম্ভব। পাশাপাশি কর্ণফুলীর গভীরতা বাড়লে জোয়ারের পানি খালে প্রবেশ করবে না।”
মেয়র মঞ্জুর মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহেশখালের মুখে ১৫ কোটি টাকা ব্যয়ে স্লুইস গেট করপোরেশনের নিজস্ব উদ্যোগে নির্মাণ করতে চেয়েছিলাম।
“বর্তমান সরকারের গত মেয়াদে সে সময়ের প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, এটি পানি উন্নয়ন বোর্ড করবে। তার অনুরোধে পানি উন্নয়ন বোর্ডকে অনাপত্তিপত্র দিই। এখনো সে কাজ শুরু হয়নি।”
চাক্তাই খালের বিষয়ে মেয়র মনজুর বলেন, চট্টগ্রাম বন্দরের সঙ্গে সম্প্রতি সভা হয়েছে। চাক্তাইসহ সাতটি খালের বর্জ্য অপসারণ ও উন্নয়নের কাজ তারা করবে।
“কর্ণফুলীর গভীরতা বাড়লে এবং এসব কাজ হয়ে গেলে জোয়ারের পানি আর লোকালয়ে প্রবেশ করবে না।”
