কেনিয়ার জন্য জাহাজ তৈরি হচ্ছে বাংলাদেশে
কেনিয়ার মৎস্য, পশু ও কৃষি মন্ত্রণালয়ের জন্য গভীর সমু্দ্রে চলাচলকারী টহল জাহাজ (পেট্রোল ভেসেল) নির্মাণ করছে বাংলাদেশের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।
মঙ্গলবার দুপুরে কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে শিকলবাহায় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে জাহাজটির নির্মাণ কাজের আনুষ্ঠানিক (কিল লেয়িং) উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, “এটি জাতির জন্য অতীব গর্বের। কেননা বাংলাদেশ একটি অতি উচ্চ প্রযুক্তি সম্পন্ন জাহাজ রপ্তানি করবে। এটি দেশের জাহাজ নির্মাণ শিল্পের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা।”
অনুষ্ঠানে জানানো হয়, নির্মাণাধীন জাহাজটির দৈর্ঘ্য ৫৪ দশমিক সাত মিটার। সর্বোচ্চ গতিবেগ ৩৫ নটিক্যাল মাইল এবং নাবিক সংখ্যা ৩৫ জন।
নৌযানটি পূর্ব আফ্রিকা সংলগ্ন ভারত মহাসাগরের জলসীমায় কেনিয়ার পতাকাবাহী মাছ ধরার জাহাজগুলোর নিরাপত্তা বিধানে কাজ করবে।
গভীর সমুদ্রের টহল জাহাজটি (অফ সোর পেট্রোল ভেসেল) স্বয়ংক্রিয় ও কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত এবং ইলেকট্রোম্যাগনেটিক যন্ত্রপাতিতে সুসজ্জিত থাকবে। এই জাহাজে একটি হেলিপ্যাডও থাকবে।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ডেনমার্ক ভিত্তিক ব্যবসায়িক অংশীদার জেজিএইচ মেরিন এই প্রকল্পে যৌথভাবে কাজ করছে। জাহাজটির নকশা প্রণয়নে দক্ষিণ আফ্রিকার ‘ইকরাস’ ডিজাইন হাউসের সহযোগিতা নেয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যান ফুল এস্কেয়া, কেনিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ওয়াহিদুর রহমান।
ওয়েস্টার্ন মেরিনের পক্ষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান সায়ফুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
ছিল কেনিয়া মন্ত্রণালয়ের পরিচালক পেট্রিক ওসারির নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলও।
