২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চডুবির ঘটনায় ১৪ জনের সাক্ষ্যগ্রহণ

মাওয়ায় লঞ্চডুবির ঘটনা তদন্তে নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত কমিটি কাজ শুরুর প্রথম দিনে ১৪ জনের বক্তব্য শুনেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 08:06 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

মঙ্গলবার মাওয়া ঘাটে ‘পদ্মা সেতু’ রেস্ট হাউসে ওই লঞ্চের পাঁচ যাত্রী এবং ঘটনার দুই প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নেয় কমিটি। এরপর কাঁঠালবাড়ি ঘাটে এক জন ও কাওড়াকান্দি ঘাটে চারজনের বক্তব্য শোনেন তারা।

পরে নদী পার হওয়ার সময় বিআইব্লিউটিএর জাহাজ ‘তিস্তায়’ বসেই বিআইব্লিউটিএর তৎকালীন পরিবহন পরিদর্শক ও লঞ্চ দুর্ঘটনার মামলার বাদী জাহাঙ্গীর হোসেন ভূইয়ার (দায়িত্বে অবহেলার জন্য বর্তমানে বরখাস্ত) সাক্ষ্যগ্রহণ করেন কমিটির সদস্যরা।

সাক্ষ্যগ্রহণ শেষে সাত সদস্যের নৌ পরিবহণ মন্ত্রণালয়ের এই তদন্ত কমিটির প্রধান যুগ্ম সচিব নূর-উর-রহমান বলেন, “উপস্থিত সবার সাক্ষ্য নেয়া হয়েছে।  লঞ্চটি কিভাবে ডুবেছে এবং কী কারণে ডুবেছে আমরা এ সব জানার চেষ্টা করছি।”

নির্ধারিত ১০ দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দেয়ার ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি।

লঞ্চডুবিতে বেঁচে যাওয়া যাত্রী ও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনার মাধ্যমে এ ঘটনার জন্য দোষী ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে এই কমিটি।

কমিটির সদস্য সচিব সমুদ্র পরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার ও সার্ভেয়ার  জসিম উদ্দিন, কমিটির সদস্য বুয়েটের শিক্ষক গৌতম কুমার সাহা, সমুদ্র পরিবহন অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট সাইফুল হাসান, বিআইডব্লিউটিএর প্রকৌশলী ফিরোজ আহমেদ, বিআইডব্লিউটিসির প্রতিনিধি আব্দুল রহিম তালুকদার ও মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার সাক্ষ্যগ্রহণের সময় উপস্থিতি ছিলেন।

গত ৪ অগাস্ট কাওড়াকান্দি থেকে মাওয়া আসার পথে লৌহজং টার্নিং পয়েন্টে কয়েকশ যাত্রী নিয়ে ডুবে যায় পিনাক-৬ নামের একটি লঞ্চ।  ঘটনার  পরপরই  এ তদন্ত কমিটি গঠন করে নৌপরিবহন মন্ত্রণালয়।

ডুবে যাওয়া লঞ্চের খোঁজে আট দিন পদ্মায় তল্লাশি চালিয়ে নৌযানটির অবস্থান সনাক্ত করতে না পেরে সোমবার উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

লঞ্চডুবির পর এ পর্যন্ত নদীর ভাটিতে বিভিন্ন স্থান থেকে মোট ৪৬টি লাশ উদ্ধার করা হয়েছে।  এর মধ্যে পরিচয় সনাক্তের পর ২৭টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চেনার উপায় নেই এমন ১৫টি লাশ ডিএনএ নমুনা রেখে দাফন করা হয়েছে মাদারীপুরে। স্বজনদের পাওয়া অভিযোগ যাচাই বাছাই করে স্থানীয় প্রশাসনের হিসাবে নিখোঁজ রয়েছে এখনো ৬১ জন।

সাক্ষ্য  দিতে এসে কাঁদলেন বিউটি

তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিতে এসে কান্নায় ভেঙে পড়েন  লঞ্চডুবির পর জীবিত উদ্ধার হওয়া গাজীপুরের কাপাসিয়ার উত্তরখাম গ্রামের ইব্রাহিমের স্ত্রী বিউটি আক্তার (৪৫) ।

ঘটনার চার দিন পর ভোলা থেকে তার মেয়ে ইসরাত জাহান মীমের (১৪) লাশ উদ্ধার করা হয় বলে জানান তিনি।

বিউটি বলেন, “লঞ্চে অতিরিক্ত যাত্রী উঠানোর সময় আমরা বাধা দিচ্ছিলাম। তখন লঞ্চের লোকজন আমাকে ধমক দেয়।”

ওই লঞ্চের আরেক যাত্রী তিতুমীর কলেজের ছাত্র মাদারীপুরের শিবচর উপজেলার দক্ষিণ ক্রোকচর গ্রামের মোশারফ মোল্লার ছেলে মো. সুজন মাহমুদ  জানান,  তার পরিবারের পাঁচজন ওই লঞ্চে ছিলেন। খালা হাসি বেগমের (৩৫) লাশ পেলেও বাকি তিন জনের সন্ধান মেলেনি।

খালাতো ভাই মিরাজ (৯), খালাতো বোন ইপা আক্তার (১৩) ও ইব্রাহিমের (১৭) কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি বলে জানান তিনি।

টাকা না পাওয়ার অভিযোগ

বিকেল ৩টার দিকে মাওয়ায় পদ্মা রেস্ট হাউসে তদন্ত কমিটির খোঁজে আসেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণকান্দা গ্রামের কৃষক খলিল শেখ (৫৫)।

ততক্ষণে  তদন্ত কমিটির সদস্যরা মাওয়া ঘাট ছেড়ে ওপারে চলে যাওয়ায় তাদের সঙ্গে তিনি দেখা করতে পারেননি।

এ সময় উপস্থিত সাংবাদিকদের কাছে খলিল শেখ অভিযোগ করেন, লঞ্চডুবির পাঁচ দিন পর শিবচরের পাঁচ্চর হাই স্কুল মাঠ থেকে তার মেঝ মেয়ে মায়না আক্তারের (২২) লাশ সনাক্ত করে গ্রহণ করেন তিনি। সে সময় দাফন বাবদ জেলা প্রশাসকের ঘোষিত সহায়তার ২০ হাজার টাকা তিনি পাননি।

শিবচর  পাঁচ্চর হাই স্কুল মাঠে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা পরে যোগাযোগ করতে বললেও এখনো তিনি টাকা পাননি বলে জানান খলিল।

তিনি বলেন, তার মেয়ে ময়না ঢাকায় পোশাক কারখানায় চাকরি করতেন। তার পাঠানো টাকা দিয়েই তাদের সংসার চলতো।

“তার লাশ দাফনের টাকাও পাইলাম না, ক্ষতিপূরণের ১ লাখ ৫ হাজার টাকা পামু কি না জানি না।”

এ ব্যাপারে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল বলেন, “যারা টাকা পাননি, তারা মুন্সীগঞ্জ জেলা প্রশাসক অথবা মাদারীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করলে টাকা পেয়ে যাবেন।  ঘোষণার সব টাকাই স্বজনদের দেয়া হবে।”