হরিণের মাংস-চামড়া উদ্ধার, গ্রেপ্তার ১৩
সুন্দরবনে পৃথক অভিযান চালিয়ে হরিণের চামড়া, মাংস ও ট্রলারসহ বিভিন্ন মালামাল আটক করেছে বন বিভাগ ও কোস্ট গার্ড। এ সময় ১৩ শিকারিকে গ্রেপ্তার করা হয়।
বন বিভাগ ও কোস্ট গার্ড কর্মকর্তারা জানান, সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের ডিমের চর, পক্ষিদিয়ার চর ও ধাবড়ির খাল এলাকায় এসব অভিযান চালানো হয়।
মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
ফাইল ছবি
কোস্ট গার্ডের কচিখালী কন্টিনজেন্ট কমান্ডার এম হাবিবুর রহমান বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে বনবিভাগের কর্মীদের সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে সুন্দরবনের ডিমের চর এলাকা থেকে পাঁচ হরিণ শিকারিকে গ্রেপ্তার করা হয়।
এই শিকারিরা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে ফাঁদ পেতে বিরল প্রজাতির হরিণ শিকার করে লোকালয়ে নিয়ে যাচ্ছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ সময় এদের কাছ থেকে একটি হরিণের চামড়া, দশ কেজি মাংস, একটি হরিণের মাথা, ৭৫ মিটার লম্বা হরিণ শিকারের ফাঁদ, তিনটি ইঞ্জিন চালিত ট্রলার, তিনটি ডিঙ্গি নৌকা এবং ১৬ বোতল কীটনাশক উদ্ধার করা হয়।
এদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল উদ্দিন আহমেদ বলেন, নিয়মিত টহল দেয়ার সময় বনরক্ষীরা সুন্দরবনের পক্ষিদিয়ার চর এলাকা থেকে চার হরিণ শিকারি এবং ধাবড়ীর খালে বিষ দিয়ে মাছ শিকারের সময়ে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
