২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে এবোলা সনাক্তে মেডিকেল টিম

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে এবোলা ভাইরাস আক্রান্তদের সনাক্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 06:05 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকাল থেকে চার সদস্যের একটি চিকিৎসক দল বেনাপোলে কাজ শুরু করেছে।

তিনি বলেন, “পশ্চিম আফ্রিকায় এবোলা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় বাংলাদেশেও আগাম সতর্কতামূলক প্রস্তুতি হিসেবে বেনাপোল চেকপোস্টে মেডিকেল টিম বসানো হয়েছে। আগমন ও বহির্গমনকারী পাসপোর্টধারী প্রত্যেক যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দেয়া হয়েছে।”

বিষয়টি নিয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) কর্তৃপক্ষ ও  ঢাকার মনিটরিং সেলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে তিনি জানান।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, এই চেকপোস্ট ব্যবহার করে প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় দেড় হাজার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, যাত্রীদের শারীরিক অসুস্থতার প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য এখানে একজন চিকিৎসক সব সময় থাকেন। তবে এবোলা ভাইরাস আক্রান্তদের চিহ্নিত করতে মঙ্গলবার থেকে চার সদস্যের মেডিকেল টিম কাজ শুরু করেছে।

আগমন ও বহির্গমনকারী পাসপোর্টধারী প্রত্যেক যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জানান মেডিকেল টিম প্রধান ডা. শাহাদাত আনোয়ার।

রোববার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এক বৈঠকে বাংলাদেশে সব বিমান, সমুদ্র ও স্থল বন্দরে এবোলা ভাইরাস সনাক্তকরণের উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত হয়। আগামী তিন মাস এই ব্যবস্থা কার্যকর থাকবে। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যালোচনার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। 

পশ্চিম আফ্রিকায় প্রাণঘাতী এবোলা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় গত শুক্রবার ‘আন্তর্জাতিক সতর্কতা’ জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।