২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বংশালের ফাটল ধরা ভবন সিলগালা

পুরান ঢাকার বংশালে একটি চারতলা ভবনে ফাটল দেখা দেয়ার পর তা সিলগালা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 11:42 AM

Updated : 13 Oct 2022, 12:26 PM

মঙ্গলবার ভোরে সিদ্দিকবাজারে ওই বহুতল ভবনে ফাটল দেখা দেয়ার পরপরই সেখানকার বাসিন্দাদের নামিয়ে দেয় পুলিশ।

রাজউকের প্রধান ইমারত পরিদর্শক আব্দুর রাজ্জাক তোহা বিডিনিউজ টোয়েন্টিফোর টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার আশঙ্কা থাকায় বিকালে চারতলা ওই ভবনের সঙ্গে তার পাশের একটি সাততলা ভবনও সিলগালা করা হয়।

“৯৯/১ সিদ্দিকবাজারের চারতলা ভবন ঘেঁষে একটি সাততলা ভবন রয়েছে। সেই ভবনটিও ঝুঁকিতে থাকায় সিলগালা করা হয়। তবে তা সাময়িক।”

ফাটল ধরা ভবনটি নির্মাণে রাজউকের অনুমোদনে বিষয়ে জানতে চাইলে রাজ্জাক বলেন, “ভবন মালিক ওয়ালিদকে নকশা আনতে বলেছি। তা দেখার পর বুঝতে পারবো।”

আমজাদ নামে স্থানীয় এক বাসিন্দা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভবনটির দুইতলা পর্যন্ত অনুমোদন ছিল। কিন্তু গত এক বছরে তা চারতলা করা হয়।”

ওই ভবনের চারটি ফ্ল্যাটে বিভিন্ন কারখানা ছিল এবং অন্তত ৭০ জন শ্রমিক সেখানে রাত কাটাতেন।

আমজাদ জানান, সিলগালা করা সাততলা ভবনেও কোনো পরিবার থাকে না। এখানকার বিভিন্ন তলায় প্রায় শ’খানেক শ্রমিক গেঞ্জি তৈরির কাজ করতেন।

পাশের ৯৯/২ নম্বরের টিনশেড ভবনের বাসিন্দা বিলকিস বেগম জানান, ফাটল দেখার পর টিনশেডের উপর ধসে পড়ার আশঙ্কায় তারা সারাদিন বাসার বাইরে ছিলেন। নিজের সন্তান নিয়ে তিনি কোথায় থাকবেন সেটাই এখন তার চিন্তা।

বংশাল থানার এএসআই মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টিনশেড ঘরের দুটি পরিবার পাশেই তাদের আত্মীয়ের বাসায় রয়েছেন। অন্য পরিবারগুলো টিনশেডেই অবস্থান করছেন।