২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের ঐশীর জামিন নাকচ

পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী রহমানের জামিন আবেদন ফের নাকচ করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 01:50 AM

Updated : 22 Aug 2022, 06:53 PM

সোমবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক তার জামিন আবেদন নাকচ করেন। 

এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দুই বার ঐশীর জামিন আবেদন নাকচ হয়।

সোমবার মামলার বাদী ঐশীর চাচা মো. মশিহুর রহমান রুবেলকে এ মামলার অন্য দুই আসামি ঐশীর বন্ধু  আসাদুজ্জামান জনি ও মিজানুর রহমান রনির আইনজীবীরা জেরা করেন।

তাদের জেরা শেষে আগামী ২৭ অগাস্ট মামলার পরবর্তী সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন রাখেন বিচারক।

গত ৮ জুলাই আদালতে সাক্ষ্য দেন মো. মশিহুর রহমান রুবেল, যাতে তিনি ভাই-ভাবীকে খুনের জন্য তাদের মেয়ে ঐশীকে দায়ী করেননি।

ঐশীর আইনজীবীদের জেরার উত্তরে তিনি বলেছিলেন, “আমার দৃঢ় বিশ্বাস আমার ভাই ও ভাবীকে আমার ভাতিজি খুন করেনি।  মাহফুজুর রহমান পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (পলিটিক্যাল শাখা) কর্মরত ছিলেন। কোনো দুষ্কৃতিকারী তাকে খুন করে থাকতে পারে।”

গত বছরের ১৬ অগাস্ট রাজধানীর চামেলীবাগের একটি ফ্ল্যাটে এসবি পরিদর্শক মাহফুজ ও স্বপ্নার লাশ পায় পুলিশ।

পরে তাদের স্কুলপড়ুয়া মেয়ে ঐশী থানায় আত্মসমর্পণ করেন। এরপর পুলিশ ঐশীদের বাড়ির গৃহকর্মী খাদিজা আক্তার সুমী এবং ঐশীর বন্ধু  রনি ও  জনিকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলায় গৃহকর্মী সুমীকে সহায়তাকারী এবং দুই বন্ধুকে ঐশীর আশ্রয়দাতা হিসেবে দেখানো হয়েছে।

গত বছরের ২৪ অগাস্ট আদালতে বাবা-মা হত্যায় ‘দোষ স্বীকার’ করে জবানবন্দি দেন ঐশী, যদিও পরে তা প্রত্যাহারের আবেদন জানিয়ে তিনি বলেন, ক্রসফায়ারের ভয় দেখিয়ে ওই স্বীকারোক্তি নেয়া হয়েছিল।

গত ৯ মার্চ গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল খায়ের মাতুব্বর ঢাকার সিএমএম আদালতে ঐশীসহ চারজনকে অভিযুক্ত করে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেন।

পরে গত ৬ মে ঐশীসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। অপর আসামি গৃহকর্মী খাদিজা আক্তার সুমি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আদালতে তার মামলার বিচার চলছে।

গত ২০ মে সুমির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন শিশু আদালতের বিচারক জাকিয়া পারভিন। এরপরই তিনি সুমিকে জামিন দেন। গত ১ জুন গাজীপুরের কিশোর সংশোধন কেন্দ্র থেকে মা সালমা বেগমের জিম্মায় জামিনে মুক্তি পেয়েছে মেয়েটি।