সানমুন গ্রুপের মালিক মিজানুর কারাগারে
অস্ত্র মামলায় সানমুন গ্রুপের মালিক মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মো. জহুরুল হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মিজানুরের আইনজীবী কাজী নজীবুল্ল্যাহ হীরু বলেন, এ সময় আসামির জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক তা নাকচ করে দেন।
সানমুন গ্রুপের মালিক মিজানুর ওই গ্রুপের পত্রিকা দৈনিক বর্তমানের প্রকাশক ও সম্পাদক।
গত ১ এপ্রিল মতিঝিলে সানমুন গ্রুপের মিজান টাওয়ারের নির্মাণাধীন পঞ্চম তলার ছাদে বালুর মধ্য থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। ওই ভবনের দ্বিতীয় তলায় দৈনিক বর্তমানের কার্যালয়।
অস্ত্র উদ্ধারের ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা দায়ের করে পুলিশ, যাতে অন্যদের সঙ্গে মিজানুরকেও আসামি করা হয়।
এ মামলার অপর নয় আসামি শ্রমিক ও সানমুন গ্রুপের কর্মচারী বলে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার জানিয়েছেন।
জামিন শুনানিতে হীরু বলেন, “গত ২৬ মার্চ মিজানুর বিদেশে যান। প্রথমে দুবাই এবং সেখান থেকে লন্ডনে ও যুক্তরাষ্ট্রে যান। ঘটনার কিছুই তিনি জনতেন না। গত ৫ অগাস্ট কাজ শেষে দেশে ফিরে সোমবার আদালতে এসেছেন তিনি।”
এ সময় বিদেশ ভ্রমণের প্রমাণ হিসেবে মিজানুরের পাসপোর্ট আদালতে দাখিল করা হয় বলেও জানান তার আইনজীবী।
