‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, আটক ২
রাজধানীর বংশাল থেকে ‘সংঘবদ্ধ প্রতারক চক্রের’ দুই সদস্যকে আটক করা হয়েছে, যারা ফোন করে ‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে প্রতারণা চালিয়ে আসছিল বলে র্যাবের অভিযোগ।
এরা হলেন- মো. শাহ আলম খান (৫০) ও মো. কামরুজ্জামান ফারুক (৫১)।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে বংশাল থানার হাজী ওসমান গনি রোডের ঢাকা হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
“তারা নিজেদের জিনের বাদশা পরিচয় দিয়ে প্রায় এক যুগ ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।”
“দীর্ঘ এক যুগ ধরে রাজধানীতে বিভিন্ন লোকের কাছ থেকে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নেয়ার কথা তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তারা বিভিন্ন কৌশলে কখনো ভয় দেখিয়ে, আবার কখনো প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করেছে।”
তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে র্যাব কর্মকর্তা জানান।
‘সংঘবদ্ধ চক্রে’র মাধ্যমে প্রতারণা
গ্রেপ্তার শাহ আলম ও তার ‘সহযোগী’ কামরুজ্জামান একটি ‘সংঘবদ্ধ’ দলের মাধ্যমে এই প্রতারণা চালিয়ে আসছিলেন। তারা কখনো জিনের বাদশা, কখনো অন্ধ, কখনো সৌখিন মুদ্রা ব্যবসায়ী, কখনো কোটিপতি বিনিয়োগকারী সেজে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ আদায় করে আসছিলেন বলে র্যাব জানায়।
র্যাব কর্মকর্তারা জানান, শাহ আলম নিজেকে জিনের বাদশা পরিচয় দিতেন। তিনি দাবি করতেন তার কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলের ঐতিহাসিক মুদ্রা আছে, যেটি তিনি বিক্রি করবেন। এজন্য রাজধানীর বিভিন্ন অভিজাত হোটেলে বৈঠকও করেছেন শাহ আলম।
মোহাম্মদপুরের বাসিন্দা ঢাকা সিটি কলেজের ইংরেজি বিভাগের এক শিক্ষক ওই মুদ্রা ‘তিন কোটি টাকা’ দিয়ে কেনার পর জানতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন।
এরপর তিনি র্যাবের কাছে সাহায্য চান বলে র্যাব-২ এর অপারেশন অফিসার রায়হান উদ্দীন খান জানান।
গত বছরের সেপ্টেম্বর মাসে এ চক্রের প্রতারণার শিকার হন সেন্ট্রাল হাসপাতালের একজন চিকিৎসক। চক্রটি ওই চিকিৎসকের বুদ্ধিপ্রতিবন্ধী ছেলেকে সুস্থ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে ১ কোটি ৬৫ লাখ টাকা হাতিয়ে নেয় বলে র্যাব কর্মকর্তা জানান।
