প্রতারণা মামলায় বসুন্ধরা চেয়ারম্যানের অব্যাহতি
প্লট নিয়ে প্রতারণা ও টাকা আত্মসাতের একটি মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান ও তার ছেলেসহ তিন আসামিকে অব্যাহতি দিয়েছে আদালত।
একইসঙ্গে মামলার দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে তাদের বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক এরফান উল্লাহ।
অব্যাহতি পাওয়া আসামিরা হলেন- ইস্ট ওয়েস্ট প্রোপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের প্রধান আহমদ আকবর সোবহান, তার ছেলে ও প্রতিষ্ঠানটির পরিচালক সাদাত সোবহান ও প্রতিষ্ঠানের সহকারী মহাব্যবস্থাপক (এস্টেট) এমএ হাসান।
আর প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মাহবুব মোরশেদ হাসান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আগামী ১০ ডিসেম্বর দিন রেখেছেন বিচারক।
তবে এ দুই আসামির জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন মঞ্জুর করেছেন তিনি।
আদেশের পর বাদীর আইনজীবী হাবিবুর রহমান শওকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা অব্যাহতির আদেশ পুনর্বিবেচনার আবেদন নিয়ে উচ্চ আদালতে যাবেন।
২০১০ সালের ২৭ ডিসেম্বর জালাল স্পিনিং মিল লিমিটেডের প্রধান সেলিম আহমেদ পাঁচ জনকে আসামি করে এই মামলা দায়ের করেন।
তেজগাঁও থানার তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে মামলাটি আমলে নিয়ে ২০১২ সালের ২২ এপ্রিল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
এ ঘটনায় সাদাত সোবহান ছাড়া বাকি আসামিরা আদালতে উপস্থিত হয়ে জামিন নেন। পরে মামলাটি বাতিলের জন্য উচ্চ আদালতে আবেদন করেন তারা। কিন্তু গত বছরের ৩০ মে উচ্চ আদালত তাদের আবেদন নাকচ করে দেয়।
সোমবার অভিযোগ গঠনের ধার্য দিনে সাদাত সোবহান ছাড়া বাকি আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
সাদাত মামলার শুরু থেকেই পলাতক। এই অবস্থাতেই মামলা থেকে অব্যাহতি পেলেন তিনি।
