২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে চা শ্রমিকদের নির্বাচন

অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রথমবারের মতো নিজেদের প্রতিনিধি বাছাইয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন চট্টগ্রামের চা শ্রমিকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2014, 12:12 AM

Updated : 19 Sep 2026, 02:21 PM

সারা দেশের মতো রোববার সকাল থেকে ভোটাধিকার প্রয়োগ করেন চট্টগ্রামের চা শ্রমিকরাও।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রাঙাপানি চা বাগানের ৪২৫ জন নারী ও পুরুষ শ্রমিক উৎসবমুখর পরিবেশে ভোট দেন।

চট্টগ্রাম অঞ্চলে বিজয় বুনার্জী-সীতারাম অলমিক এবং মাখনলাল কর্মকার-রাম ভজন কৈরীর দুটি প্যানেল কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ভ্যালি ও পঞ্চায়েত নির্বাচনে অংশ নেয়।

সারা দেশের মোট সাতটি ভ্যালি ও ১৯০টি পঞ্চায়েতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে বৃহত্তর সিলেটে ছয়টি ভ্যালিতে নির্বাচন হয়। চট্টগ্রামে একটি ভ্যালি ও ২৩টি পঞ্চায়েতে নির্বাচন হয়।

চট্টগ্রামের ভ্যালি ও পঞ্চায়েতগুলোতে বিজয়-সীতারাম প্যানেলের কোনো প্রার্থী ছিল না। তবে চট্টগ্রাম ভ্যালি ও পঞ্চায়েতগুলোতে মাখনলাল- রাম ভজন সমর্থিত প্যানেলের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এরমধ্যে বাঁশখালী চা বাগান পঞ্চায়েতের নির্বাচনে অংশ নেয় এ প্যানেলের চারটি পক্ষ।

চট্টগ্রাম ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি তপন দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন ধরে একটি পরিবারের হাতে জিম্মি ছিল সারাদেশের চা শ্রমিকরা। এ বলয় থেকে বের হয়ে আসার জন্য শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে ২০০৮ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়।

“সে নির্বাচনে বিভিন্ন বাগানের পঞ্চায়েত সদস্যরা ভোট দিয়ে নেতৃত্ব নির্বাচন করলেও এক বছরের মধ্যে সরকার সে কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করে।

“এরপর আদালতের নির্দেশে ২০১৪ সালে সারা দেশের চা বাগানে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যেখানে সাধারণ শ্রমিকরা কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ভ্যালি ও পঞ্চায়েত সদস্যদের নির্বাচিত করার জন্য ভোটাধিকার প্রয়োগ করছেন,” বলেন শ্রমিক নেতা তপন দত্ত।

৩০ বছর ধরে বাগানে কাজ করা চা-শ্রমিক কসম রায়, সুমি উরাং ও আসন লক্ষ্মী জানান, জাতীয় নির্বাচনে ভোট দিলেও এই প্রথম নিজেদের প্রতিনিধি বাছাইয়ের জন্য তারা সরাসরি ভোট দিয়েছেন।

নিজেদের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে ১৯৭৪ সালে কারাবরণ করেন সুখবালা উড়ং ও সালামনি উড়ং নামে দুই নারী শ্রমিক।

এই দুই সংগ্রামী নারীও রোববার ভোট দেখতে আসেন।

তারা জানান, কৈশোর থেকেই তাদের সঙ্গে রাঙাপানি চা বাগানের সম্পর্ক। কিন্তু নিজেদের শোষণ-বঞ্চনার কথা বলার জন্য তাদের কোনো প্রতিনিধি ছিল না।

নিজেরা ভোট দিতে না পারলেও অন্যরা ভোট দিয়ে পছন্দের নেতৃত্ব নিয়ে আসছে বলে খুশী সুখবালা ও সালামনি।