কুড়িগ্রামে শিশু নির্যাতনের অভিযোগ
মোবাইল ফোন চুরির নামে কুড়িগ্রাম সদরে এক শিশুকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে, যার বাড়িতে গৃহকর্মীর কাজ করেন তার মা।
জেলা শহরের কালে মৌজার শান্তিনগর এলাকার মমিন মিয়ার ছেলে হাফিজুর রহমান (১০) এখন কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিসাধীন আছে।
হাফিজুরের মা হাসিনা বেগম অভিযুক্ত আবেদ আলীর বাড়িতে কাজ করেন এবং তার বাবা মমিন মিয়া একজন দিনমজুর।
রোববার কুড়িগ্রাম সদর হাসপাতালের ৪ নং ওয়ার্ডের গিয়ে হাফিজুর রহমানকে নির্যাতনের বিষয়ে জানতে চাইলে তার মা হাসিনা বেগম জানান, মোবাইল চুরি অভিযোগে গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তার ছেলেকে নির্যাতন করেন তাদের প্রতিবেশী আবেদ আলী।
তিনি হাত-পা বেঁধে হাফিজুরের শরীরের বিভিন্ন জায়গায় সুঁচ ফুটিয়ে নির্যাতন করেছেন। পরে হাত-পা বাঁধা অবস্থায় মেঝেতে ফেলে রাখেন। চিৎকার করলে গলা ও মুখ চেপে ধরেন।
তিনি আরো জানান, বিকালে আরেক প্রতিবেশী অ্যাডভোকেট আমজাদ হোসেন হাফিজুরকে আবেদ আলীর বাড়ি থেকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করান।
কুড়িগ্রাম সদর থানার ওসি আব্দুল বাতেন মিয়া জানান, এ ঘটনায় আবেদ আলী, আফজাল হোসেন ও যুবরাজ নামের তিন জনের বিরুদ্ধে একটি এজাহার দিয়েছেন হাফিজুরের বাবা মমিন মিয়া।
বিষযটি নিয়ে তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
আবেদ আলী হাফিজুরকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন।
