এবার যুগ্ম-সচিবসহ ৩১ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল
৩১ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীর মুক্তিযোদ্ধা সনদ বাতিল হয়েছে, যাদের মধ্যে একজন যুগ্ম-সচিব ও বাংলাদেশ ব্যাংকের এক নির্বাহী পরিচালকও রয়েছেন।
রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রতিবেদনের ভিত্তিতে ২৯ জন, জেলা প্রশাসকের প্রতিবেদন অনুযায়ী একজন এবং মন্ত্রীর নির্দেশে একজনের মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বাতিল করা হয়েছে।
এর আগে গত ২১ জুলাই একজন উপ-সচিব ও রেলের একজন অতিরিক্ত মহাব্যবস্থাপকসহ ৩৫ সরকারি কর্মকর্তা-কর্মচারীর মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে সরকার।
এসব সরকারি কর্মকর্তা-কর্মচারীর আর্থিক সুবিধা ফেরত এবং এদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলা হবে বলে এর আগে জানিয়েছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
সনদ হারালেন যারা
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইংয়ে ন্যস্ত যুগ্ম-সচিব এম মাহবুব উল আলম, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আব্দুল হামিদ, সিলেট জেলা রেজিস্ট্রি অফিসের প্রধান সহকারী মো. মাসুদুল হক।
নৌ পরিবহন কর্তৃপক্ষের নিম্নমান সহকারী মো. আলাউদ্দিন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রাক্তন নিরাপত্তা পরিদর্শক ফয়েজ কবির, মাদারীপুরের ৭নম্বর নরেরকান্দা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রউফ মোল্লা।
টাঙ্গাইল সরাতৈল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মতিয়ার রহমান, সহকারী শিক্ষক মহিউদ্দিন মোড়ল, নওগার বাদরঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেন্দ্র নাথ সাহা।
সহকারী শিক্ষক আফাজ উদ্দিন সরদার, আগারগাওয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম সেলিম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধায়ক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম।
চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর মুদ্রাক্ষরিক আলমগীর কবীর চৌধুরী, যশোর কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা মো. নাজমুল কবীর, ঢাকা দক্ষিণের রাজস্ব কর্মকর্তা মোস্তাক আহমেদ ও নিলুফা সুলতান।
ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী সংরক্ষক আব্দুল মান্নান, ফরিদপুর সওজের উপ-সহকারী প্রকৌশলী কে এম আবুল হোসেন, গাজীপুর খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক মো. আব্দুল মালেক।
টালি করণিক মো. আব্দুল রউফ সরকার, চট্টগ্রাম জেলার এসআই নিরঞ্জন কুমার রায়, বিএডিসির অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক মনীষা রঞ্জন রায়, নরসিংদী সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাইদুর রহমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক এ কে এম আতাউল ইসলাম, চট্টগ্রাম বন্দরের প্রধান সহকারী খান সিরাজুল ইসলাম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এস এম আলাউদ্দিন, গাজীপুরের সাব-রেজিস্ট্রার জসিম উদ্দিন মো. তৌফিক এলাহী এবং মৃণাল কান্তি মিত্র, ওয়ালী আহমেদ, মো. হাফিজুর রহমান।
