২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ‘মদ পানে’ ৩ যুবকের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকায় ‘চোলাই মদ পানে’ তিন যুবকের মৃত্যু হয়েছে, অসুস্থ হয়েছেন একজন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 04:50 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

শনিবার গভীর রাতে কসাইপাড়ায় মারা যান পৌর এলাকার বুজরুক বোয়ালিয়া গ্রামের দুলু মিয়ার ছেলে জহুরুল ইসলাম (৩০), আব্দুল মতিন মিয়ার ছেলে রিপন মিয়া (৩০) ও পার্শ্ববর্তী বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলার স্বপন মিয়া (২৯)।

এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন উপজেলা সদরের হীরকপাড়ার আনিছুর রহমানের ছেলে মাসুদ (৩৬)।  এরা সবাই মোটর শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, চিকিৎসাধীন যুবক মাদক সেবন করে অসুস্থ হয়ে হাসপাতালে আসেন জানালেও তাদের স্বজনরা পুলিশকে মাদক সেবনের বিষয়টি স্বীকার করছেন না।

রোববার দুপুরে ঘটনাস্থল কসাইপাড়া পরিদর্শন শেষে গোবিন্দগঞ্জ থানার ওসি এ বিএম জাহিদুল ইসলাম বলেন, “ওই যুবকদের স্বজনরা চোলাই মদ পানে মারা যাওয়ার বিষয়টি স্বীকার করছেন না। তবে স্থানীয়ভাবে একাধিক সূত্রে মদ পানে তাদের মারা যাওয়ার কথা শোনা যাচ্ছে।”

ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠাতে পুলিশ লাশ নেয়ার চেষ্টা করলে স্বজনদের বাধার মুখে তা সম্ভব হয়নি বলে জানান ওসি।

এদিকে গোবিন্দগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহজাহান বলেন, ওই তিন যুবক অতিরিক্ত মদ্যপানের পর প্রচণ্ড পেটে ব্যথা নিয়ে শনিবার গভীর রাতে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেয়। কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিন জনের মৃত্যু হয়।

হাসপাতালে ভর্তি যুবক অজানা মাদক সেবন করে অসুস্থ হয়েছে বলে চিসিৎসকদের জানিয়েছেন বলে জানান তিনি।